৭ বছর পর ইরানের তেল কিনছে ভারত
- সর্বশেষ আপডেট ১১:৩১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / 56
মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের মধ্যে ইরান থেকে তেল কিনছে ভারতের পরিশোধনাগারগুলো। শনিবার (৪ এপ্রিল) দেশটির তেল মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ও ভোক্তা ভারত ২০১৯ সালের মে মাসের পর তেহরান থেকে তেল কেনেনি। যুক্তরাষ্ট্রের চাপের মুখে তখন ইরানের অপরিশোধিত তেল আমদানি বন্ধ করা হয়। কিন্তু চলমান যুদ্ধের মধ্যে ভারত সাত বছর পর আবার ইরানের তেল কিনতে শুরু করেছে। খবর-রয়টার্স
মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে তেল আসা ব্যাহত হওয়ায় বিকল্প উৎস খুঁজতে গিয়ে ইরানের দিকে ঝুঁকেছে ভারত। বিভিন্ন উৎস থেকে তেল কিনে সরবরাহ সংকট মোকাবিলার চেষ্টা করছে দেশটি। এর আগে এক সংবাদে জানা যায়, মার্চ মাসে রাশিয়া থেকে ভারতের তেল কেনা বেড়েছে ৯০ শতাংশ।
ভারতের তেল মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানায়, মধ্যপ্রাচ্যে সরবরাহ ব্যাহত হলেও ভারতের পরিশোধনাগারগুলো অপরিশোধিত তেলের জোগান নিশ্চিত করেছে। এর মধ্যে ইরান থেকেও তেল কেনা হচ্ছে। এ ছাড়া ইরানের তেল আমদানিতে অর্থ পরিশোধ নিয়ে জটিলতা যে তথ্য ছড়িয়ে পড়েছিল, তা ঠিক নয় বলে জানিয়েছে মন্ত্রণালয়।
































