৪৩ ফ্লাইটে দেশে ফিরলেন ১৭ হাজারের বেশি হাজি
- সর্বশেষ আপডেট ০৩:৫৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
- / 14
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ৪৩টি ফিরতি ফ্লাইটে ১৭ হাজার ৬৮৯ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। এদিকে হজ পালনকালে ৪২ জন বাংলাদেশি হাজির মৃত্যুর খবর জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
হজ অফিসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২ জুন) পর্যন্ত ৪৩টি ফিরতি ফ্লাইটে মোট ১৭ হাজার ৬৮৯ জন হাজি বাংলাদেশে পৌঁছেছেন। তাদের মধ্যে ২ হাজার ৮২ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ১৫ হাজার ৬০৭ জন বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে হজ পালন করেছেন।
ফিরতি ফ্লাইট পরিচালনা করছে তিনটি এয়ারলাইনস। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১০টি, সাউদিয়া এয়ারলাইনস ১৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে।
এদিকে সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৪২ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২৭ জন পুরুষ ও ১৫ জন নারী। তাদের মধ্যে ৩২ জন মক্কায় এবং ১০ জন মদিনায় মৃত্যুবরণ করেন।
চলতি বছরের ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজযাত্রা শুরু হয় এবং ২১ মে শেষ হয়। হজের আনুষ্ঠানিকতা শেষে গত ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত হাজিদের দেশে ফেরানোর কার্যক্রম চলবে।





























