৪০ দিনের ছুটি শেষে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান
- সর্বশেষ আপডেট ১০:৫৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / 139
রমজান ও ঈদ উপলক্ষে টানা ৪০ দিনের ছুটি শেষে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম রোববার (২৯ মার্চ) থেকে শুরু হয়েছে।
নির্বাচন, রোজা ও ঈদের কারণে বছরের প্রথম তিন মাসে শ্রেণি কার্যক্রম তুলনামূলকভাবে কম হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে শিখন ঘাটতি তৈরি হয়েছে। এই ঘাটতি পুষিয়ে নিতে পুরোদমে ক্লাস নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, শিখন ঘাটতি পূরণে ১০টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। তবে, মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে এ বিষয়ে এখনও কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
এদিকে দীর্ঘ ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলাকে কেন্দ্র করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কিছু জরুরি নির্দেশনা দিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ঈদুল ফিতরের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। প্রতিদিন প্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখতে নিয়মিত তদারকি জোরদার করতে হবে। পাশাপাশি প্রতি সপ্তাহে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার কথাও বলা হয়েছে।
এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ এবং বাগান পরিচর্যা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে উদ্বুদ্ধ করতে বিভিন্ন কার্যক্রম গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।
































