১২ ঘণ্টার বৃষ্টিতে আবারও পানির নিচে চট্টগ্রাম
- সর্বশেষ আপডেট ০৪:১৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / 27
মাত্র ১২ ঘণ্টায় ১২৯ মিলিমিটার বৃষ্টিতে আবারও জলাবদ্ধতায় ডুবেছে চট্টগ্রাম নগরী। এক দিনের বিরতির পর শুরু হওয়া ভারী বর্ষণে নগরের বিভিন্ন সড়কে পানি জমে জনদুর্ভোগ বেড়েছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা ও শ্রেণি কার্যক্রমও স্থগিত করা হয়েছে।
রোববার সকাল থেকে নগরের ইস্পাহানি সি-গেটসহ বিভিন্ন এলাকায় হাঁটুপানি দেখা যায়। সড়কে পানি জমে থাকায় যান চলাচল ব্যাহত হয়। সপ্তাহের প্রথম কর্মদিবসে কর্মস্থলগামী মানুষকে পানি মাড়িয়ে চলাচল করতে দেখা গেছে।
বৃষ্টির কারণে নগরের বিভিন্ন এলাকায় রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার সংকট দেখা দেয়। যাত্রীদের অভিযোগ, সুযোগ বুঝে অনেক চালক বাড়তি ভাড়া আদায় করছেন।
আবহাওয়া অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয় জানিয়েছে, রোববার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নগরীতে ১৩৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে শেষ ১২ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১২৯ মিলিমিটার। আগামী দুই থেকে তিন দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা রয়েছে। চট্টগ্রামে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কার পাশাপাশি নিচু এলাকায় জলাবদ্ধতা ও পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকির কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এর আগে গত ৪ জুলাই রাত থেকে শুরু হওয়া টানা বর্ষণ ও বন্যায় চট্টগ্রাম অঞ্চলে ৪৪ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় সাড়ে ৯ লাখ মানুষ। এছাড়া হাজার হাজার হেক্টর ফসলি জমি, পুকুর ও মৎস্য খামার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।































