হরমুজ ইস্যুতে ৪০ দেশের বৈঠক ডেকেছে যুক্তরাজ্য-ফ্রান্স

- সর্বশেষ আপডেট ০৪:১৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
- / 209
বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির নিরাপত্তা ও পুনরায় চালু করার উপায় খুঁজতে প্রায় ৪০ দেশের নেতাদের নিয়ে ভার্চুয়াল বৈঠকের উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স।
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে শুক্রবার (১৭ এপ্রিল) প্রায় ৪০টি দেশের নেতাদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করেছে যুক্তরাজ্য ও ফ্রান্স।
বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ পুনরায় সচল করার পথ খুঁজতেই মূলত বৈঠকটি ডাকা হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং চলমান অচলাবস্থা কাটানোই আলোচনার কেন্দ্রবিন্দু হতে পারে।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে তেহরান কার্যত নিজেদের ছাড়া অন্যান্য দেশের জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ করে রেখেছে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এদিকে, পরিস্থিতির জেরে গত সোমবার ইরানের বন্দরে প্রবেশ বা সেখান থেকে বের হওয়া জাহাজের ওপর অবরোধ আরোপ করেছে ওয়াশিংটন, যা উত্তেজনা আরও বাড়িয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।
যুক্তরাজ্য ও ফ্রান্সের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে অংশ নেওয়া নেতারা ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়েও আলোচনা করতে পারেন। পাশাপাশি, হরমুজ প্রণালিতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক মিশন গঠনের বিষয়েও মতবিনিময় হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রণালিটি পুনরায় চালু করতে সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ গড়ে তোলার চেষ্টা করা হবে।



































