হরমুজে ‘বাংলার জয়যাত্রা’ চলাচলে বিশেষ নির্দেশ

- সর্বশেষ আপডেট ০৫:৪৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / 150
কৌশলগত হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে ইরান।
মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই এই সিদ্ধান্তকে কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
তুরস্কের আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহর মধ্যে বৈঠকের পর বিষয়টি সামনে আসে।
সোমবার (২০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচল সহজ ও নিরাপদ রাখার বিষয়ে ইরানের সহযোগিতা চান।
তিনি স্মরণ করিয়ে দেন, আগে যখন ইরান নির্দিষ্ট কিছু দেশের জন্য এই রুট ব্যবহারের অনুমতি তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছিল, তখন তা ঢাকায় ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছিল।
এর পরিপ্রেক্ষিতে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন এবং পরে জানান, বর্তমান পরিস্থিতির চাপ থাকলেও বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠকে উপসাগরীয় অঞ্চলের চলমান অস্থিরতা, বাণিজ্য রুটের নিরাপত্তা এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও আলোচনা হয়। বাংলাদেশ পক্ষ থেকে আঞ্চলিক সংকটে ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখার কথা পুনর্ব্যক্ত করা হয়। একই সঙ্গে সকল পক্ষকে সংযম দেখিয়ে কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।
ইরানের পক্ষ থেকেও বাংলাদেশের এই অবস্থানের প্রশংসা করা হয় এবং ভবিষ্যতে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়।
হরমুজ প্রণালিতে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা ঝুঁকি ও জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ বাড়ায় এই সিদ্ধান্তকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। এতে করে ‘বাংলার জয়যাত্রা’সহ বাংলাদেশি পতাকাবাহী জাহাজগুলোর চলাচল তুলনামূলকভাবে স্বস্তিদায়ক হবে বলে আশা করা হচ্ছে।
দুই দেশই ভবিষ্যতে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখা এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় যোগাযোগ আরও জোরদারের বিষয়ে একমত হয়েছে।































