সীমান্ত বাহিনী হবে আধুনিক ও সুসংগঠিত: প্রধানমন্ত্রী

- সর্বশেষ আপডেট ০৮:১৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 183
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ পেরিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার এখন রাষ্ট্র পরিচালনা করছে।
দেশের নিরাপত্তা ও সার্বভৌম স্বার্থ রক্ষায় সীমান্ত বাহিনীকে আরও আধুনিক, দক্ষ ও সুসংগঠিত বাহিনীতে রূপান্তর করা হবে। তিনি আশা প্রকাশ করেন, বাহিনীর সদস্যরা দেশপ্রেম, শৃঙ্খলা ও পেশাগত উৎকর্ষের মাধ্যমে সীমান্তে দায়িত্ব পালন করবেন।
বুধবার জাতীয় সেনা দিবস-২০২৬ উপলক্ষে শহীদ সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সম্মানে আয়োজিত মতবিনিময় ও ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী পিলখানার ২০০৯ সালের ঘটনার শহীদ সদস্যদের পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানান। তিনি স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ, নব্বইয়ের গণআন্দোলন এবং সাম্প্রতিক গণঅভ্যুত্থানে প্রাণ দেওয়া ছাত্র-জনতাকে।
বিশেষভাবে তিনি ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডে নিহত ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।
২৫ ফেব্রুয়ারিকে জাতির ইতিহাসের এক শোকাবহ দিন উল্লেখ করে তিনি বলেন, এই দিন ফিরে এলে জাতি আবারও বেদনায় আচ্ছন্ন হয়ে পড়ে। সেই ঘটনার ক্ষত সময়ের ব্যবধানে মুছে যায়নি; বরং জাতীয় জীবনে তা গভীর দাগ রেখে গেছে।
প্রধানমন্ত্রী বলেন, ঘটনার ১৭ বছর পর শহীদদের স্মৃতিবিজড়িত প্রাঙ্গণে দাঁড়িয়ে তার কণ্ঠ ভারাক্রান্ত হয়ে আসে। তিনি নিজেকে শুধু সরকারপ্রধান নয়, একজন সেনা পরিবারের সদস্য হিসেবেও অনুভব করেন।
বনানী সামরিক কবরস্থানে শহীদদের কবর জিয়ারতকালে তিনি পরিবারগুলোর দীর্ঘদিনের বেদনা ও ন্যায়বিচারের প্রত্যাশার কথা গভীরভাবে উপলব্ধি করেছেন বলে উল্লেখ করেন।
তিনি জানান, পিলখানার ঘটনাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা জাতীয় দায়িত্ব। ভবিষ্যৎ প্রজন্মের কাছে দায়বদ্ধতার অংশ হিসেবে ২৫ ও ২৬ ফেব্রুয়ারিকে যথাযথ স্বীকৃতি দিতে সরকার সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেবে।
সীমান্তরক্ষী বাহিনীর ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের সূচনালগ্ন থেকেই এ বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।
পরবর্তীকালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাহিনীকে সুসংহত করতে অবকাঠামোগত উন্নয়ন ও কাঠামোগত সংস্কারে গুরুত্ব দেন। ১৯৭৮ সালে সামরিক কাঠামোয় পুনর্গঠনের মাধ্যমে উইংগুলোকে ব্যাটালিয়নে রূপান্তর এবং নতুন ইউনিট সংযোজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনী দেশের সার্বভৌমত্বের প্রতীক। পিলখানার মর্মান্তিক ঘটনা ছিল রাষ্ট্রের নিরাপত্তা কাঠামোকে দুর্বল করার একটি অপচেষ্টা।
তাই বর্তমান সরকার জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে সময়োপযোগী ও প্রযুক্তিনির্ভর করে তুলতে কাজ করবে। একই সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের জন্য শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসনে দীর্ঘমেয়াদি সহায়তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও তিনি পুনর্ব্যক্ত করেন।































