সিন্ডিকেটে ববিকে ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত বিশ্ববিদ্যালয়’ ঘোষণা
- সর্বশেষ আপডেট ০৬:২৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / 27
বরিশাল বিশ্ববিদ্যালয়কে ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত বিশ্ববিদ্যালয়’ হিসেবে ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার (২৯ আগস্ট) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৯৫তম সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আন্দোলনের একপর্যায়ে ১৮ জুলাই ক্যাম্পাস ও সংলগ্ন মহাসড়কে শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও তৎকালীন সরকারের দলীয় ক্যাডারদের হামলার অভিযোগ ওঠে।
সেদিন শিক্ষার্থীরা বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডের মুখেও প্রতিরোধ গড়ে তোলেন বলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে হামলাকারীরা ক্যাম্পাস ছাড়তে বাধ্য হন বলে দাবি কর্তৃপক্ষের।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য, ১৮ জুলাই বিকেলে তৎকালীন সরকারের বাহিনী শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে ক্যাম্পাস ত্যাগ করে। এর মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় জুলাই আন্দোলনের সময় দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ‘ফ্যাসিস্ট বাহিনী মুক্ত’ হয় বলে দাবি করা হয়েছে।
সিন্ডিকেট সভায় বিষয়টি সর্বসম্মতিক্রমে অনুমোদনের পর এখন তা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদনের জন্য পাঠানো হবে।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, ‘সিন্ডিকেট সভায় বিষয়টি অনুমোদন করা হয়েছে। এখন এটি অনুমোদনের জন্য ইউজিসিতে পাঠানো হবে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশীদ বলেন, ১৮ জুলাই বরিশাল বিশ্ববিদ্যালয়কে প্রথম ‘ফ্যাসিস্ট বাহিনী মুক্ত ক্যাম্পাস’ হিসেবে ঘোষণার প্রস্তাব সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। পরবর্তী ধাপে বিষয়টি চ্যান্সেলরের কাছে পাঠানো হবে।
কর্তৃপক্ষ বলছে, জুলাই আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা ও ১৮ জুলাইয়ের ঘটনাকে প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।






























