সাহারায় তৃষ্ণায় প্রাণ গেল ৪৯ যাত্রীর

- সর্বশেষ আপডেট ০৪:৪৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
- / 125
সাহারা মরুভূমিতে ট্রাক বিকল হয়ে পানির অভাবে অন্তত ৪৯ জন যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। কয়েকদিন মরুভূমিতে আটকে থাকার পর তীব্র গরম ও তৃষ্ণায় প্রাণ হারান তারা। অলৌকিকভাবে বেঁচে যাওয়া দুই ব্যক্তি খবর দিলে উদ্ধার অভিযান শুরু হয়।
সাহারা মরুভূমির ভয়াবহ দাবদাহ ও পানির সংকটে অন্তত ৪৯ জন যাত্রীর মৃত্যু হয়েছে। আফ্রিকার দেশ নাইজারের উত্তরাঞ্চলের একটি প্রত্যন্ত মরুভূমি এলাকায় ট্রাক বিকল হয়ে পড়ার পর ঘটে এই মর্মান্তিক ঘটনা।
নাইজার ও আলজেরিয়ার মধ্যবর্তী গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা আসামাকা থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে মরুভূমির মধ্যে আটকা পড়েছিলেন এসব যাত্রী। নাইজারের আগাদেজ প্রদেশের গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, নিহতরা মালির একটি ধর্মীয় অনুষ্ঠান শেষে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। পথে সাহারার বৈরী পরিবেশে তাদের বহনকারী ট্রাকটি বিকল হয়ে যায়। আশপাশে কোনো পানির উৎস না থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
চালক ও যাত্রীরা কয়েকদিন ধরে ট্রাকটি মেরামতের চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হন। একপর্যায়ে তাদের সঙ্গে থাকা পানি শেষ হয়ে গেলে তীব্র গরমে একে একে প্রাণ হারান অধিকাংশ যাত্রী।
এই দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে মাত্র দুজন বেঁচে যান। তারা প্রায় ৫০ কিলোমিটার পথ হেঁটে আসামাকা সীমান্তে পৌঁছে স্থানীয় কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে ট্রাকের নিচে ও আশপাশ থেকে বহু মরদেহ উদ্ধার করে।
স্থানীয় প্রশাসনের উদ্যোগে মরুভূমির ওই এলাকাতেই নিহতদের গণকবর দেওয়া হয়েছে। গভর্নর জানিয়েছেন, ট্রাকটি মালির তেলহান্দেক শহর থেকে যাত্রা শুরু করলেও পরে নির্ধারিত পথ থেকে বিচ্যুত হয়ে পড়ে।
এদিকে নিহতদের দাফন শেষে ফেরার পথে উদ্ধারকারীরা আরও একটি বিপর্যয় এড়াতে সক্ষম হন। মরুভূমির অন্য একটি এলাকায় ব্যাটারি বিকল হয়ে তিন দিন ধরে আটকে থাকা আরেকটি ট্রাকের সন্ধান পায় সেনাবাহিনী ও উদ্ধারকারী দল। ওই ট্রাকে ৬০ জনের বেশি যাত্রী ছিলেন।
তৃষ্ণার্ত ও ক্লান্ত যাত্রীদের দ্রুত পানি সরবরাহ করা হয় এবং ট্রাকটি মেরামতের পর তাদের নিরাপদে যাত্রার ব্যবস্থা করা হয়।
স্থানীয় প্রশাসনের মতে, সাহারা অঞ্চলের এই রুটটি ইউরোপমুখী অভিবাসনপ্রত্যাশী ও সীমান্ত বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে দুর্গম এই পথে যাতায়াতের ঝুঁকি দিন দিন বাড়ছে বলেও সতর্ক করেছেন তারা



































