সাবেক বিমান বাহিনীর প্রধান ও তার স্ত্রীর আয়কর নথি জব্দ

- সর্বশেষ আপডেট ০৭:০৩:০০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
- / 123
দুর্নীতির অভিযোগের মধ্যে বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগমের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
দুদকের পৃথক আবেদনের পর সোমবার (৩০ মার্চ) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান আবেদন করে বলেন, তদন্তের স্বার্থে হান্নান দম্পতির ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত সমস্ত স্থায়ী ও বিবিধ আয়কর নথি জব্দ করা জরুরি। শুনানি শেষে আদালত নথি জব্দের অনুমতি দেন।
শেখ আব্দুল হান্নান ২০২১ সালের ১২ জুন পদোন্নতি পেয়ে বিমান বাহিনী প্রধান হন। ২০২৪ সালের ১১ জুন তিনি অবসর নেন।
২০২৫ সালের ৫ মে হান্নান ও পরিবারের তিন সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়। পরদিন তার জমি, বাড়ি, ফ্ল্যাট জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়। ২৪ মে ৩৮টি ব্যাংক হিসাবও অবরুদ্ধের নির্দেশ দেন আদালত।
































