সঠিক সময়ে তিস্তা মহাপরিকল্পনা: ত্রাণমন্ত্রী

- সর্বশেষ আপডেট ০৭:৩৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
- / 104
যথাসময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। একই সঙ্গে আসন্ন ঈদুল ফিতরের আগেই অগ্রাধিকার ভিত্তিতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছেন তিনি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) লালমনিরহাটে নিজ নির্বাচনী এলাকায় প্রথম সফরে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি জানান, প্রাথমিকভাবে দেশের আটটি উপজেলায় পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করা হবে। পরবর্তীতে প্রকৃত হতদরিদ্র পরিবারগুলোকে ধাপে ধাপে এই কর্মসূচির আওতায় আনা হবে, যাতে সরকারি সহায়তা স্বচ্ছ ও সরাসরি উপকারভোগীদের হাতে পৌঁছে।
তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। নির্ধারিত সময়েই কাজ শুরু হবে বলে তিনি আশ্বাস দেন। “আমরা থেমে থাকবো না, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করেই ছাড়বো”—যোগ করেন মন্ত্রী।
উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে আসন্ন শুকনা মৌসুমে তিনটি মন্ত্রণালয়ের সমন্বয়ে দেশব্যাপী খাল খনন কর্মসূচি হাতে নেওয়ার কথা জানান তিনি। পাশাপাশি চলতি বছরে পাঁচ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনার কথাও উল্লেখ করেন।
রমজান ও ঈদকে সামনে রেখে সরকারের প্রস্তুতির বিষয়ে মন্ত্রী বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগগুলো কাজ করছে। মানুষের স্বাভাবিক যাতায়াত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।
ভূমিকম্পের বিষয়ে মন্ত্রী বলেন, দেশের দুটি স্থানে কম্পন অনুভূত হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নিজেও বিষয়টি নিয়ে যোগাযোগ করেছেন বলে উল্লেখ করেন তিনি।
এর আগে লালমনিরহাটের তিস্তা, মোস্তাফি ও মহেন্দ্রনগরসহ বিভিন্ন এলাকায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন ত্রাণমন্ত্রী। দলীয় আদর্শ অক্ষুণ্ণ রেখে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
































