সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ৪৯ জন নির্বাচিত
- সর্বশেষ আপডেট ০৯:০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / 5
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ৪৯ জন প্রার্থী নির্বাচিত হতে যাচ্ছেন। নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান জানান, নির্ধারিত সময়ের মধ্যে কেউ প্রার্থিতা প্রত্যাহার না করায় এসব আসনে আর ভোটের প্রয়োজন পড়ছে না।
বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, বৃহস্পতিবার এই প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে গেজেট আকারে প্রকাশ করা হবে। বুধবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, তবে সকাল থেকে বিকেল পর্যন্ত কেউই সরে দাঁড়াননি।
চূড়ান্ত তালিকায় থাকা প্রার্থীদের মধ্যে বিএনপি জোটের রয়েছেন ৩৬ জন। এছাড়া জামায়াত-এনসিপি ও ১১ দলীয় জোটের পক্ষ থেকে ১২ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। একটি আসন নিয়ে আদালতে মামলা থাকায় সেটির ফল আপাতত স্থগিত রাখা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গেজেট প্রকাশের পর নির্বাচিতদের নাম সংসদ সচিবালয়ে পাঠানো হবে এবং পরবর্তী ধাপে তাদের শপথের আয়োজন করা হবে। সংরক্ষিত নারী আসনে সাধারণত সংসদে দলগুলোর আসন অনুপাতে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়ে থাকে।































