লিটনের বাড়িতে হামলায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিবাদ
- সর্বশেষ আপডেট ০৬:৩৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / 27
পাবনার সুজানগরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গাজী ওহিদুজ্জামান লিটনের পৈতৃক বাড়িতে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্ব।
সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে দাবি করা হয়, শনিবার (১৫ আগস্ট) রাত ৯টার দিকে সুজানগর উপজেলার ভাটপাড়া গ্রামের লিটনের বাড়িতে কয়েক শতাধিক ব্যক্তি প্রবেশ করে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। পরে রাত ৩টার দিকে বাড়িটিতে অগ্নিসংযোগ করা হয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে আরও দাবি করা হয়, হামলাকারীরা বাড়ির আসবাবপত্র, স্বর্ণালংকারসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ সময় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ব্যবহারের অভিযোগও করা হয়েছে।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
নেতারা বলেন, কোনো ব্যক্তির বাড়িতে হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
তবে অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী বা অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনা তদন্ত করে প্রকৃত পরিস্থিতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।






























