চট্টগ্রামে আওয়ামী লীগের ৫ নারীসহ ১৫ নেতাকর্মী আটক
- সর্বশেষ আপডেট ০৭:০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / 37
চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজন নারী রয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে নগরীর মনসুরাবাদ ওয়াপদা কলোনির কাছে হাজী ফজলুল করিম চৌধুরী ‘রয়েল টাচ’ অ্যাপার্টমেন্টের পঞ্চম তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, ১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ওই বাসায় আলোচনা সভার জন্য জড়ো হয়েছেন; এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন কৃষক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য অ্যাডভোকেট উম্মে হাবিবা, হালিশহর থানা আওয়ামী লীগের দপ্তরবিষয়ক সম্পাদক মো. ইস্কান্দার মির্জা, চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু পরিষদের ধর্মবিষয়ক সম্পাদক শুভ আইচ, চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবমহিলা লীগের যুগ্ম আহ্বায়ক কামেলা খানম রুপা, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সদস্য ও ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সুজলা অন্তরা এবং চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু পরিষদের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক শারমিনা ইয়াসমিন নিশু।
এ ছাড়া সঞ্জয় কান্তি নাথ, এস এম সালাউদ্দিন, আহসান আবিদ, সুলতান মাহমুদ জিদান, পার্থ প্রতিম নন্দী, যীশু রায় চৌধুরী, মশিউর রহমান আবীর, আয়েশা হেভেন ও মোহাম্মদ জাকির হোসেনকে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ডবলমুরিং থানায় একটি মামলা করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।






























