লন্ডনের হোটেলে মাদক নিয়ে সৌদি যুবরাজের মৃত্যু

- সর্বশেষ আপডেট ০৪:২৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / 144
লন্ডনের একটি পাঁচতারা হোটেলে ২৯ বছর বয়সী সৌদি যুবরাজ আবদুল্লাহ বিন ফাহাদ বিন আবদুল্লাহ বিন আবদুল আজিজ বিন জালাউয়ি আল সৌদের মৃত্যুর ঘটনায় তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
যুক্তরাজ্যের মৃত্যু তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত অ্যালকোহল, পার্টি ড্রাগস ও উদ্বেগ কমানোর ওষুধের মারাত্মক মিশ্রণে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। তদন্তে হত্যা বা আত্মহত্যার কোনো প্রমাণ না পাওয়ায় ঘটনাটিকে দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে উল্লেখ করা হয়েছে।
গত বছরের ২৫ নভেম্বর লন্ডনের কেনসিংটনের একটি পাঁচতারা ম্যারিয়ট হোটেলের কক্ষের বাথরুম থেকে যুবরাজের মরদেহ উদ্ধার করা হয়। বিষতত্ত্ব পরীক্ষায় তার শরীরে উচ্চমাত্রার অ্যালকোহল, জিএইচবি নামের পার্টি ড্রাগ, গাঁজা এবং জ্যানাক্সসহ বিভিন্ন ওষুধের উপস্থিতি পাওয়া যায়। চিকিৎসকদের মতে, এসব মাদক ও ওষুধের সম্মিলিত বিষক্রিয়াই মৃত্যুর কারণ।
তদন্তে হোটেলের সিসিটিভি ফুটেজ, কক্ষের আলামত ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে পুলিশ জানায়, মৃত্যুর আগে যুবরাজ একাই কক্ষে ফিরেছিলেন এবং সেখানে অন্য কারও প্রবেশের প্রমাণ পাওয়া যায়নি। কোনো সুইসাইড নোটও উদ্ধার হয়নি। তাই তৃতীয় পক্ষের সম্পৃক্ততা বা আত্মহত্যার সম্ভাবনা নাকচ করা হয়েছে।
শুনানিতে আরও জানানো হয়, মৃত্যুর আগে যুবরাজ মাদকাসক্তি ও মানসিক অবসাদের চিকিৎসা নিয়েছিলেন। তবে চিকিৎসা শেষে নির্ধারিত ফলোআপ সেশনে তিনি আর অংশ নেননি। পরে সৌদি রয়্যাল কোর্ট আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবর প্রকাশ করে।


































