রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সেই ওসি গ্রেপ্তার

- সর্বশেষ আপডেট ০৮:৩০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / 146
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
রাকিবুল হাসানকে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রাকিবুল হাসানকে ডিবিতে ডাকা হয়েছিল। অডিওটির বিষয়ে তদন্ত করতে ডিএমপি তিন সদস্যের একটি কমিটিও গঠন করে। কমিটিতে ডিবির একজন কর্মকর্তা এবং ডিএমপি সদরদপ্তরের দুজন কর্মকর্তা ছিলেন।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম এর আগে জানিয়েছিলেন, ভাইরাল অডিওটির বিষয়ে গঠিত কমিটি রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করবে। ১৭ সেপ্টেম্বর রাতে তাকে ডিবিতে ডাকার বিষয়টিও নিশ্চিত করা হয়েছিল।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিওতে এক ব্যক্তিকে পুলিশ, সরকার ও বিভিন্ন বাহিনী নিয়ে নানা বক্তব্য দিতে শোনা যায়। অডিওতে বলা হয়, রাস্তায় থাকা পুলিশ দুর্বল এবং শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে তারা কিছুই করতে পারবে না। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিএনপির দিকে ঝুঁকে পড়া, মাঠপর্যায়ের সদস্যদের অবস্থান এবং পুলিশের পদায়নে ঘুষ লেনদেন নিয়েও বক্তব্য শোনা যায়।
তবে অডিওটি নিজের নয় বলে দাবি করেছিলেন রাকিবুল হাসান। তার ভাষ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে অডিওটি তৈরি করা হয়েছে।
অডিওটি ছড়িয়ে পড়ার পর রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানার ওসি পদ থেকে প্রত্যাহার করা হয়। পরে বিষয়টি তদন্তে কমিটি গঠন করে ডিএমপি এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
বৃহস্পতিবার রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখানোর পর তাকে আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে কি না, প্রতিবেদন লেখা পর্যন্ত তা জানা যায়নি।
পুলিশের একাধিক সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের সময়ে খুলনা রেঞ্জের বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেছেন রাকিবুল হাসান। ৫ আগস্টের পর তাকে ডিএমপিতে বদলি করা হয়। প্রথমে ভাটারা থানায় দায়িত্ব পালনের পর নির্বাচনের আগে লটারির মাধ্যমে তাকে গুলশান থানায় বদলি করা হয়। পরে চলতি বছরের ৩০ মার্চ গুলশান থানা থেকে ক্যান্টনমেন্ট থানায় বদলি করা হয়।
































