তদন্তে ব্যবস্থা
রাড্ডা ভাঙচুর-লুটপাটে বিব্রত বিএনপি সরকার

- সর্বশেষ আপডেট ০২:৫৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / 150
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। পুলিশের তদন্তে জড়িতদের শনাক্ত করা হলে তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সিসিটিভি ফুটেজে যাদের পরিচয় পাওয়া গেছে, তাদের এখনো কেন গ্রেপ্তার করা হচ্ছে না; এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, পুরো বিষয়টি একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে। গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে পাওয়া তথ্য গুরুত্বপূর্ণ হলেও তা পুলিশের তদন্তের বিকল্প নয়।
তিনি বলেন, পুলিশের তদন্তের ভিত্তিতেই শেষ পর্যন্ত অভিযোগপত্র দেওয়া হবে। তদন্তে যাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যাবে, তাদের আইনের আওতায় আনা হবে।
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে গত ২৫ সেপ্টেম্বর রাতে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। ভারী যন্ত্রপাতি দিয়ে প্রতিষ্ঠানটির ভবন ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ছড়ানোর বিষয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের নাম ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তিকর ন্যারেটিভ তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেন তিনি।
তবে সরকারের সমালোচনার বিরোধিতা না করে তিনি বলেন, যুক্তি ও সত্য তথ্যের ভিত্তিতে সরকারের সমালোচনা গণতান্ত্রিক ব্যবস্থার অংশ। একটি সরকার দায়িত্বে থাকলে তার নানা ভুল-ত্রুটি নিয়ে যৌক্তিক সমালোচনার সুযোগ রয়েছে। তবে অপতথ্যের মাধ্যমে সমালোচনা করা উচিত নয়।
অপতথ্য মোকাবিলায় সাইবার সুরক্ষা আইন প্রণয়নের কাজ চলছে জানিয়ে জাহেদ উর রহমান বলেন, সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে এ নিয়ে মতবিনিময় করা হচ্ছে। আইনটি চূড়ান্ত হলে এর আওতায় অপতথ্য মোকাবিলায় আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
তিনি বলেন, জনগণকে সচেতন করার পাশাপাশি অপতথ্য মোকাবিলায় একটি কার্যকর আইনি কাঠামো প্রয়োজন। এ লক্ষ্যেই সাইবার সুরক্ষা আইন নিয়ে কাজ চলছে।






























