রংপুরে চার খুন, দুই আসামির ডিএনএ মিল
- সর্বশেষ আপডেট ১২:৩৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / 43
রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় ঘটনাস্থল থেকে জব্দ একাধিক আলামতে দুই অভিযুক্ত সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএর মিল পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর সিআইডির পুলিশ সুপার সুমিত চৌধুরী।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনাস্থল থেকে খেজুর, শসা, সিগারেটের অংশসহ অন্তত ৩৫টি আলামত সংগ্রহ করা হয়। এসবের একটি অংশ ঢাকার সিআইডি ফরেনসিক ল্যাবে পরীক্ষা করা হয়েছে। দুই অভিযুক্তের ডিএনএ নমুনার সঙ্গে আলামতগুলো মিলিয়ে দেখা হয়।
পুলিশের দাবি, হত্যাকাণ্ডের পর দুই অভিযুক্ত বাড়িতে অবস্থান করে খেজুর ও শসা খায় এবং পরে স্বর্ণালংকার ও টাকা নিয়ে যায়। এ মামলায় তারা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছে। তদন্তকারীরা ডিএনএ পরীক্ষার ফল, জবানবন্দি ও অন্যান্য আলামত মিলিয়ে দেখছেন।
গত ২২ আগস্ট রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, ইয়াবা সেবন দেখে ফেলায় গণপতি চক্রবর্তীকে শ্বাসরোধে হত্যার পর পরিবারের অন্য তিন সদস্যকেও হত্যা করা হয়।





























