যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্রীয় নিয়োগের আহ্বান জামায়াত আমিরের

- সর্বশেষ আপডেট ০৯:৩১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 130
সরকারি গুরুত্বপূর্ণ পদে দলীয় আনুগত্য নয়, বরং যোগ্যতা ও দেশপ্রেমকে প্রাধান্য দেওয়ার দাবি জানিয়েছেন ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির।
পোস্টে তিনি বাংলাদেশ ব্যাংকে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেন।
তার ভাষ্য অনুযায়ী, সেখানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা সরকারসমর্থিত ‘মব-কালচার’-এর আনুষ্ঠানিক সূচনা বলেই প্রতীয়মান হচ্ছে, যা তিনি দুর্ভাগ্যজনক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও তার উপদেষ্টার মতো দায়িত্বশীল ব্যক্তিদের প্রকাশ্যে অপমানের ঘটনায় তিনি ক্ষোভ জানান।
দেশের অর্থনীতি ইতোমধ্যে চাপে রয়েছে—দুর্নীতি, চাঁদাবাজি ও সিন্ডিকেট প্রভাবের কথা উল্লেখ করে তিনি সতর্ক করেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে অস্থিরতা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে।
ডা. শফিকুর রহমান দল-মত নির্বিশেষে এ ধরনের বিশৃঙ্খলার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তার দাবি, বিভিন্ন প্রতিষ্ঠানে সংগঠিতভাবে চাপ সৃষ্টি করে দক্ষ ও দায়িত্বশীল ব্যক্তিদের কাজে বিঘ্ন ঘটানো হচ্ছে।
সরকারের প্রতি তিনি স্পষ্ট বার্তায় বলেন, গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র গড়তে হলে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে হবে। একই সঙ্গে সরকারি গুরুত্বপূর্ণ পদে নিয়োগে দলীয় বিবেচনার পরিবর্তে যোগ্যতা, সততা ও দেশপ্রেমকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।































