নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র্যালি
মানিকগঞ্জে ‘সাইকেলিং টুয়ার্ডস জাস্ট এনার্জি ট্রানজিশন’

- সর্বশেষ আপডেট ০৬:৫৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 180
জ্বালানি খাতে ন্যায্য রূপান্তর, নবায়নযোগ্য জ্বালানির বিস্তার এবং জনসচেতনতা জোরদারের লক্ষ্যে মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক সাইকেল র্যালি “সাইকেলিং টুয়ার্ডস জাস্ট এনার্জি ট্রানজিশন”। শুক্রবার আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারের প্রতি জ্বালানি খাতে ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক রূপান্তর নিশ্চিত করতে সুস্পষ্ট নীতিমালা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
র্যালিটি সকাল ৮টায় মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠ থেকে শুরু হয়ে মানিকগঞ্জ ৩৫ মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্টে গিয়ে শেষ হয়। এতে প্রায় অর্ধশত সাইক্লিস্ট অংশ নেন। অংশগ্রহণকারীদের হাতে ছিল বিভিন্ন রঙের সচেতনতামূলক প্ল্যাকার্ড, যেখানে লেখা ছিল- “এই সময়ে প্রয়োজন জাস্ট এনার্জি ট্রানজিশন”, “নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য পরিচ্ছন্ন জ্বালানি নিশ্চিত করতে হবে”, “সাইকেলে চেপে এগোই, ন্যায্য জ্বালানি রূপান্তর আনবোই” এবং “প্যাডেলে প্যাডেলে পরিবর্তন- ন্যায্য জ্বালানির পথে যাত্রা”।
নবায়নযোগ্য জ্বালানি খাতে নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব বৃদ্ধির লক্ষ্যে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর উইমেন্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড এনার্জি (উই) প্রকল্পের উদ্যোগে এ র্যালির আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে জনসচেতনতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখছে।
র্যালি বাস্তবায়নে মানিকগঞ্জ সাইক্লিস্ট ক্লাবের সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উই-নেটের সদস্য সংগঠন আনকোরা। স্থানীয় সাইক্লিস্ট, তরুণ-তরুণী, শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবী মানুষ এতে অংশ নিয়ে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তরের পক্ষে একাত্মতা প্রকাশ করেন।
উই-নেট বা উইমেন্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড এনার্জি নেটওয়ার্ক মূলত নারী-প্রধান সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত একটি প্ল্যাটফর্ম। এর লক্ষ্য হলো নারীর দক্ষতা উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি খাতে কর্মসংস্থান সৃষ্টি, নারী-নেতৃত্বাধীন উদ্যোগে সহায়তা এবং জেন্ডার সংবেদনশীল জ্বালানি নীতির পক্ষে সমন্বিত অ্যাডভোকেসি জোরদার করা।
আয়োজকরা জানান, ন্যায্য জ্বালানি রূপান্তরে নারীর নেতৃত্ব ও সক্ষমতা বাড়ানো, সরকারি ও বেসরকারি অর্থায়নে নারী-নেতৃত্বাধীন নবায়নযোগ্য জ্বালানি উদ্যোগকে সহায়তা করা এবং জাতীয় পর্যায়ে কার্যকর নীতিগত পক্ষসমর্থন নিশ্চিত করাই উই-নেটের মূল উদ্দেশ্য।
উপস্থিত ব্যক্তিবর্গ ও আয়োজকদের মতে, এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ জ্বালানি খাতে টেকসই পরিবর্তন আনতে সহায়ক হবে এবং ভবিষ্যতে আরও ব্যাপক জনসম্পৃক্ততা তৈরি করবে।


































