ভোজ্যতেলের মজুত পর্যাপ্ত,দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

- সর্বশেষ আপডেট ০৭:০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / 247
সোমবার বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাজারে ভোজ্যতেলের মজুত পর্যাপ্ত আছে এবং দাম একফোঁটাও বাড়ার কোনো সম্ভাবনা নেই। সাম্প্রতিক কয়েকদিনের সংকট মূলত আতঙ্কিত ক্রেতাদের অতিরিক্ত কেনাকাটির কারণে তৈরি হয়েছে।
মন্ত্রী ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে মন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, কিছু গণমাধ্যমে ভোজ্যতেলের সংকট বা লিটারে দুই টাকা বেশি দামের খবর প্রকাশিত হওয়ার পর পরিস্থিতি পর্যালোচনার জন্য বৈঠক করা হয়েছিল।
বৈঠকে আমদানিকারক ও রিফাইনারি মালিকদের তথ্য অনুযায়ী, দেশের বাজারে তেলের পর্যাপ্ত সরবরাহ আছে।
তিনি ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে বলেন, রাজধানীর বড় দোকানগুলোতে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং বোতলের গায়ে মূল্যের তালিকাও স্পষ্ট। তবে বাজারের ভেতরের কিছু দোকানে সীমিত মজুত রেখে বেশি দামে বিক্রির চেষ্টা দেখা গেছে।
মন্ত্রী ভোক্তাদের সতর্ক করেন, আতঙ্কিত হয়ে অযথা কেনাকাটা করলে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিতে পারে। জ্বালানি তেল, গ্যাস বা ভোজ্যতেল—কোনো ক্ষেত্রে সংকট নেই, তাই বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকতে হবে।
তেলের দাম সংক্রান্ত প্রশ্নে তিনি বলেন, এক ফোঁটাও বাড়বে না। বাজারে অনিয়ম বা অতিরিক্ত দামের ঘটনা হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা প্রশাসন নিয়মিত তদারকি চালাবে।


































