ভৈরবে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

- সর্বশেষ আপডেট ০১:৫৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / 263
কিশোরগঞ্জের ভৈরবে সাবেক পৌর কাউন্সিলর ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল আমিন সৈকতকে (৪০) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৩ আগস্ট) রাতে ভৈরব বাজারের টিনপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আল আমিন সৈকত ভৈরবপুর উত্তরপাড়ার আড়াই বেপারি বাড়ির ব্যবসায়ী জসিম মিয়ার ছেলে। তিনি ভৈরব পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এবং ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত পৌনে ১২টার দিকে একদল দুর্বৃত্ত টিনপট্টি এলাকায় সৈকতের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভৈরবের আলশেফা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব রহমান জানান, দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সৈকতকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।




































