বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
- সর্বশেষ আপডেট ১১:২৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / 19
বগুড়া সদর উপজেলার আশোকোলা এলাকায় সাইফুল ইসলাম নামে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৩ আগস্ট) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম নুনগোলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।
পুলিশ ও স্বজনদের বরাতে জানা গেছে, স্থানীয় বাঘোপাড়া বাজারে কয়েকজনের সঙ্গে চা পান শেষে এক ভাতিজাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সাইফুল। আশোকোলা সেতুর কাছে পৌঁছালে তিন যুবক তাদের মোটরসাইকেলের পথরোধ করে।
ওই যুবকদের সঙ্গে সাইফুলের পূর্বপরিচয় ছিল। তাই মোটরসাইকেল থামিয়ে তিনি তাদের সঙ্গে কথা বলতে শুরু করেন। একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও বাকবিতণ্ডা শুরু হয়।
পরে তিন যুবক ধারালো অস্ত্র দিয়ে সাইফুলকে রাস্তার পাশের একটি জমিতে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, হত্যাকাণ্ডে জড়িত তিন যুবকের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তারের জন্য জেলা পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।






























