বৈরুতে নতুন করে হামলা হলে আবার যুদ্ধের হুমকি ইরানের
- সর্বশেষ আপডেট ১০:২৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- / 8
লেবাননের রাজধানী বৈরুতে নতুন করে হামলা হলে পুরো অঞ্চলে আবারও বড় ধরনের সংঘাত শুরু হতে পারে বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেন, এমন পরিস্থিতিতে তেহরান নীরব থাকবে না।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, বৈরুতের ওপর যেকোনো হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে এবং পরিস্থিতি ‘সর্বাত্মক যুদ্ধে’ রূপ নিতে পারে। বুধবার (৩ জুন) লেবাননের সংবাদমাধ্যম আল-মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
আরাঘচি জানান, লেবাননে হামলা অব্যাহত থাকলে তেহরান, ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যকার বিরোধেরও অবসান হবে না। তার মতে, যেকোনো যুদ্ধবিরতি চুক্তির সঙ্গে লেবাননকে অন্তর্ভুক্ত করতে হবে এবং স্থায়ী শান্তির জন্য লেবানন থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার জরুরি।
এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বুধবার ওয়াশিংটনে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে ইসরায়েল ও লেবানন শর্তসাপেক্ষে যুদ্ধবিরতি বাস্তবায়নে সম্মত হয়েছে বলে যৌথ বিবৃতিতে জানানো হয়।
চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার জন্য ইরান-সমর্থিত হিজবুল্লাহকে সব ধরনের হামলা বন্ধ করতে হবে এবং দক্ষিণ লেবানন থেকে তাদের সদস্যদের সরিয়ে নিতে হবে। পাশাপাশি কিছু ‘পাইলট জোন’ গঠনের সিদ্ধান্ত হয়েছে, যেখানে শুধু লেবাননের সশস্ত্র বাহিনী দায়িত্ব পালন করবে; কোনো সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি থাকবে না।
তবে বিশ্লেষকদের ধারণা, হিজবুল্লাহ এই চুক্তি মেনে চলবে না। গোষ্ঠীটি আগেও জানিয়েছে, তারা ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি আলোচনাকে স্বীকৃতি দেয় না। তাদের অবস্থান অনুযায়ী, লেবাননে শর্তহীন যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত সংঘাত চলতে পারে।




































