বাল্যবিয়ের ফাঁদে দারিদ্র্য-নিরাপত্তাহীনতা

- সর্বশেষ আপডেট ১২:২৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / 110
সাতক্ষীরার শ্যামনগরের খোলপেটুয়া নদীর ওপারে গাবুরা। সুন্দরবনঘেঁষা এই ইউনিয়নের গ্রামগুলোতে যেতে হলে নীল ডুমুর ঘাট থেকে ট্রলারে নদী পেরোতে হয়। ওপারে চকবারা ঘাট। এরপর সরু মেঠোপথ। সাইকেল, মোটরসাইকেল কিংবা হেঁটে চলাই ভরসা। বর্ষায় সেই পথ কাদাজলে আরও দুর্গম হয়ে ওঠে। খারাপ আবহাওয়ায় নদীপথও বন্ধ হয়ে যায়।
১৭ আগস্ট এমনই এক বৃষ্টিভেজা দিনে চকবারা গ্রামের একটি বাড়ির উঠোনে গিয়ে দেখা গেল, কাঠের ঘরের বারান্দায় লাল প্লাস্টিকের চেয়ারে বসে আছে এক কিশোরী। মাথায় লাল ওড়না। হাতে মেহেদির রং তখনো শুকায়নি। কয়েকদিন আগেও যে মেয়েটি স্কুলের পোশাকে সহপাঠীদের সঙ্গে ক্লাসে বসত, এখন তার পরিচয়; নববধূ।
মেয়েটির নাম আশামনি আক্তার। বয়স মাত্র ১৩ বছর। গাইনবাড়ির ৫৫ নম্বর গাবুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। ১৪ আগস্ট বিয়ে হয়েছে তার।
আশামনির সঙ্গে কথা বলতেই জানা গেল, স্কুলে ফিরতে চায় না সে। লেখাপড়ার চেয়ে সংসার করতেই এখন তার আগ্রহ বেশি।
কেন এত অল্প বয়সে বিয়ে; জানতে চাইলে আশামনির মা মরিয়ম খাতুন বলেন, সংসারে স্বামীর সিদ্ধান্তই শেষ কথা। দিনমজুর স্বামীর আয়ও খুব বেশি নয়। সন্তানদের মধ্যে আশামনি বড়। মেয়েটি বড় হয়ে উঠছে; একদিকে নিরাপত্তার চিন্তা, অন্যদিকে সংসারের অভাব। এ কারণেই তার বাবা বিয়ে দিয়েছেন। পাত্র মাদরাসায় পড়ছে।
আশামনির চাচি সাইদুন নেসাও একই কথা বললেন। তার ভাষায়, দিনমজুরি করে সংসার চালানো কঠিন। মেয়েকে পড়াশোনা করানোর জন্য সরকার যে সামান্য অর্থ দেয়, তা দিয়ে সংসারের অভাব মেটে না।
এই বিয়ের খবর আশামনির সহপাঠীদের কাছেও এসেছে দেরিতে। সহপাঠী রাবেয়া আক্তার ও আছিয়া আক্তার জানায়, প্রায় এক মাস ধরে আশামনি বিদ্যালয়ে আসছিল না। বিয়ের পরদিন তারা জানতে পারে, তাদের সহপাঠীর বিয়ে হয়ে গেছে। পড়াশোনা ও খেলাধুলায় ভালো ছিল আশামনি। এখন আর তাকে স্কুলে পাওয়া যাবে না।
আরও বিস্ময়ের বিষয়, আশামনির বিয়ের খবর জানতেন না বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জালাল উদ্দীনও। তিনি বলেন, ঘটনাটি তিনি জানতেন না।
তার মতে, গাবুরার মতো দুর্গম এলাকায় আর্থিক অসচ্ছলতার কারণে অল্প বয়সে বিয়ের ঘটনা ঘটে। আবার কোনো কোনো ক্ষেত্রে অল্প বয়সে ছেলেদের আয়-রোজগার শুরু হওয়াও বিয়ের কারণ হয়ে দাঁড়ায়। সপ্তম শ্রেণি পর্যন্ত পড়ে ইটভাটায় কাজ করে কোনো কোনো ছেলে মাসে ৫০-৬০ হাজার টাকা পর্যন্ত আয় করছে; এমন ছেলেকে কর্মক্ষম ও সংসার চালাতে সক্ষম মনে করে অভিভাবকেরা তার কাছে মেয়ের বিয়ে দিয়ে দেন।
কিন্তু এর পরিণতিও সুখকর নয়। বিয়ের কয়েক মাস পরই অনেক সংসারে অশান্তি শুরু হয়। শারীরিক ও মানসিক নানা সমস্যা দেখা দেয়। স্বামীর অন্যত্র আসক্তি, পারিবারিক কলহ, বিচ্ছেদ; শেষ পর্যন্ত অনেক মেয়েকেই আবার বাবার বাড়িতে ফিরতে হয়।
গাবুরার খলিশাবুনিয়ায় গিয়ে দেখা গেল, একই বাস্তবতার আরেকটি চিত্র। গাবুরা জি এম মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী আনোয়ারার বিয়ে হয়েছে ১৬ আগস্ট। পরনে ফুলের নকশা করা লাল সুতি শাড়ি, মেহেদিরাঙা হাত।

আনোয়ারার (১৫) মতে, ছোটবেলায় বাবা চলে গেছেন। মায়ের কষ্ট দেখে বিয়েতে রাজি হয়েছি। বরের বাড়ি ডুমুরিয়ায়। মাস ছয়েক ইটভাটায় শ্রমিকের কাজ করেন। নদীতে মাছও ধরেন। তবে এখনই আমাকে শ্বশুরবাড়িতে নেবে না। প্রায় এক বছর মায়ের কাছেই থাকব। এই সময় বর ইটভাটায় কাজ করবেন, আর শ্বশুর আমার খরচ দেবেন।
আনোয়ারার মা শামসুন নাহারের জীবনও অভাবের সঙ্গে লড়াইয়ের। প্রায় ১৫ বছর আগে স্বামী দুই মেয়েকে রেখে চলে যান। আর কোনো খোঁজ নেননি। মামার বাড়িতে আশ্রয় নিয়ে দিনমজুরের কাজ করে দুই মেয়েকে বড় করেছেন তিনি। নিজের কোনো জমিজমাও নেই।
বাল্যবিয়ের অন্তর্নিহিত কারণসমূহ
সরেজমিনে গাবুরা ইউনিয়নের দুটি মাধ্যমিক বিদ্যালয়, পাঁচটি মাদরাসার মধ্যে একটি আলিম মাদরাসা এবং ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, বাল্যবিয়ের পেছনে কাজ করছে একাধিক কারণ। মেয়ের অভিভাবকদের কেউ মনে করছেন, ১৮ বছর পর্যন্ত অপেক্ষা করলে ভালো পাত্র পাওয়া যাবে না। আবার কেউ মেয়ের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। অন্যদিকে ছেলের পরিবার ভাবছে, ছেলে অল্প বয়সেই আয় করছে—বিয়ে দিলে বিপথে যাবে না, সংসারে স্থির হবে।
বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-তে উল্লেখ রয়েছে, ১৮ বছরের কম বয়সী নারী এবং ২১ বছরের কম বয়সী পুরুষের বিয়ে নিষিদ্ধ। যদি কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি (পুরুষ বা নারী) বাল্যবিবাহ সম্পন্ন করেন, তা একটি অপরাধ হিসেবে গণ্য হবে। এর জন্য তাকে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড অথবা এক লাখ টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় শাস্তিই হতে পারে। এই এলাকার বাল্যবিয়ের চিত্রই বলে দিচ্ছে, আইন থাকলেও প্রয়োগ নেই।
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম মাছুদুল আলমের মতে, শুধু দারিদ্র্য বা শিক্ষা উপবৃত্তির অপ্রতুলতাই বাল্যবিয়ের কারণ নয়। মেয়ের বয়স ১২-১৪ বছর হলেই অনেক বাবা-মা তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। বিদ্যালয়ে যাওয়া-আসার পথে হয়রানির আশঙ্কাও থাকে। তাই বিয়ে দিয়ে দিলেই মেয়েকে নিরাপদ রাখা যাবে; এমন ধারণা কাজ করে অভিভাবকদের মধ্যে।
তিনি জানান, বিদ্যালয়ের আশপাশে এ ধরনের সমস্যা না থাকলেও পথেঘাটে ইভটিজিংয়ের ঘটনা ঘটে। মেয়েরা যাতে নিরাপদে বিদ্যালয়ে যেতে পারে, সে জন্য প্রতিরোধের চেষ্টা চলছে।
জাতীয় মানবাধিকার কমিশনের সাতক্ষীরা জেলা কমিটির সদস্য ও বাল্যবিয়ে প্রতিরোধকর্মী মোহাম্মদ সাকিবুর রহমান বলেন, গাবুরায় অভিভাবক, শিক্ষক ও সাধারণ মানুষের মধ্যে বাল্যবিয়ে নিয়ে সচেতনতার ঘাটতি রয়েছে। বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব এবং স্থানীয় বখাটেদের কারণে মেয়েদের স্কুলে পাঠাতেও অনেক অভিভাবক নিরাপদ বোধ করেন না।
তার দাবি, ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৭০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত বাল্যবিয়ে হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগ, মোবাইল ফোনে আসক্তি, কিছু ক্ষেত্রে ধর্মীয় কারণ এবং অল্প বয়সে ছেলেদের আয়-রোজগার শুরু হওয়াও এর সঙ্গে যুক্ত।
দুর্গম যোগাযোগব্যবস্থাকেও বড় বাধা মনে করেন তিনি। জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে প্রত্যন্ত এলাকার মানুষের সরাসরি যোগাযোগ কম। ফলে বাল্যবিয়ের খবর প্রশাসনের কাছে পৌঁছানোর আগেই অনেক বিয়ে হয়ে যায়।
শ্যামনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক বলেন, সাধারণ এলাকায় বাল্যবিয়ের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে তা বন্ধ করা সম্ভব হলেও গাবুরার মতো দুর্গম এলাকায় তা কঠিন। বিকেল ৪টার পর খোলপেটুয়া নদী পারাপারের ট্রলার থাকে না। আবহাওয়া খারাপ হলে নদী পারাপার পুরোপুরি বন্ধ হয়ে যায়। আবার বিয়ের আগে পরিবারগুলো প্রশাসনকে অনেক সময় জানায়ও না।
তার মতে, বাল্যবিয়ে বন্ধে শুধু সচেতনতা নয়, দরকার সমন্বিত উদ্যোগ। দুর্গম এলাকার মেয়েদের শিক্ষার সুযোগ বাড়ানোর পাশাপাশি পরিবারের আয় বাড়াতে হবে। উন্নত করতে হবে যোগাযোগব্যবস্থা। নিশ্চিত করতে হবে মেয়েদের নিরাপত্তা।
বাল্যবিয়ে নিয়ে কিশোরীদের দৃষ্টিভঙ্গি
গাবুরার কিশোরীদের কাছে বাল্যবিয়ের চিত্র আরও স্পষ্ট। গাবুরা জি এম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ইমা সুলতানা জানায়, ষষ্ঠ শ্রেণি থেকেই বিদ্যালয়ের ছাত্রীদের বিয়ে শুরু হয়। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ৩০-৩৫ জন মেয়ে বাল্যবিয়ের শিকার হয়েছে। বিয়ের পর তাদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে।
অনেক মেয়ের বাবাকে বোঝানোর চেষ্টা করেছি। বাসায় গিয়ে যখন বললাম, ‘আঙ্কেল, মেয়েটাকে বিয়ে দিয়েন না। পড়াশোনার সময় এখন।’ তখন তিনি বলেন, ‘যখন আমার মানসম্মান নষ্ট হবে, তোমরা কী দেখবা?’
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে আমরা অনেক হুমকি শুনেছি। স্থানীয় ব্যক্তিবর্গ, শিক্ষক, চেয়ারম্যান বাধা দেন, বাবা-মা শোনেন না। বলেন, ‘আমার মেয়ে, আমি যা খুশি করব। আপনাদের কী সমস্যা।’ বিয়েটা দিয়ে দেন। দুদিন পর সে বাবার বাড়িতে ফেরত চলে আসে।
চাঁদনীমুখা মান্নান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নাহিদা সুলতানা রুমাও একই মন্তব্য করল। তার মতে, ষষ্ঠ শ্রেণি থেকে এই বিদ্যালয়ে পড়ছি। রোল নম্বর ১। ষষ্ঠ শ্রেণিতে ৫৫ জন ভর্তি হয়েছিলাম। এখন আছি মাত্র ১০ জন ছাত্রী। বাকিরা বাল্যবিয়ের শিকার।
চাঁদনীমুখা মান্নান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহসিন হোসাইন জানান, চলতি বছর ষষ্ঠ শ্রেণিতে ৫৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। আগস্টেই তিনজনের বিয়ে হয়ে গেছে। অভিভাবকদের নিয়ে একাধিক সভা করেও পরিস্থিতি বদলানো যাচ্ছে না।
বিয়ের পর অনেকেই আবার স্কুলে ফিরতে চায়; তখন তাদের মনে জায়গা করে নেয় ভাঙা সংসারের অভিজ্ঞতা। সপ্তম বা অষ্টম শ্রেণিতে ফিরে এসে কেউ কেউ শিক্ষকদের কাছে আবার ভর্তি হওয়ার অনুরোধ করে।
গাবুরার গ্রামগুলোতে বাল্যবিয়ে শুধু একটি সামাজিক রীতি নয়; জড়িয়ে আছে দারিদ্র্য, নিরাপত্তাহীনতা, দুর্গম যোগাযোগ, প্রাকৃতিক দুর্যোগ এবং মেয়েদের শিক্ষা নিয়ে দীর্ঘদিনের সামাজিক ধারণা। নদী ও কাদাময় পথ পেরিয়ে বিদ্যালয়ে পৌঁছানো যেমন কঠিন, তেমনি প্রশাসনের কাছে পৌঁছানোও কঠিন।
এই দূরত্বের মাঝেই কোনো কোনো কিশোরীর স্কুলজীবন থেমে যায়। পঞ্চম শ্রেণির আশামনি কিংবা নবম শ্রেণির আনোয়ারার মতো অনেক মেয়ের হাতে বইয়ের বদলে উঠে আসে সংসারের দায়িত্ব।
এই চক্র ভাঙতে বিয়ে বন্ধ করাই যথেষ্ট নয়। দরকার মেয়েদের নিরাপদ শিক্ষার পরিবেশ, পরিবারের অর্থনৈতিক সক্ষমতা ও উন্নত যোগাযোগব্যবস্থা। দুর্গম এলাকাতেও দ্রুত প্রশাসনিক সহায়তা পৌঁছে দেওয়ার কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।































