বান্ধবীদের সঙ্গে পিকনিকে গিয়ে সাঙ্গুতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

- সর্বশেষ আপডেট ০৭:৫০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / 141
বান্দরবানের রোয়াংছড়িতে বান্ধবীদের সঙ্গে পিকনিকে গিয়ে সাঙ্গু নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে সাদিয়া ইসলাম মুমু (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ২ নম্বর তারাছা ইউনিয়নের ছাইংগ্যা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাদিয়া ইসলাম মুমু বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সে শহরের কালাঘাটা এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ইলিয়াছ ও ইয়াসমিন আক্তারের মেয়ে।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কয়েকজন বান্ধবীকে সঙ্গে নিয়ে ছাইংগ্যা এলাকায় সাঙ্গু নদীর তীরে পিকনিকে যায় মুমু। পরে তারা নদীতে গোসল করতে নামলে একপর্যায়ে পানিতে ডুবে নিখোঁজ হয় সে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে। পরে নদী থেকে মুমুকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আব্দুল মন্নান আনসারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পিকনিক শেষে গোসল করতে নেমে পানিতে ডুবে ওই শিক্ষার্থী নিখোঁজ হয়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উদ্ধারকারী দল তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


































