নোয়াখালীতে ৬ মাসে পানিতে ডুবে ৬৫ শিশুর মৃত্যু

- সর্বশেষ আপডেট ১১:৫৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / 132
নোয়াখালীতে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে জেলার বিভিন্ন উপজেলায় পানিতে ডুবে ৬৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পানিতে ডুবে যাওয়া আরও ২১৫ শিশুকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, অভিভাবকদের অসচেতনতা, শিশুদের সাঁতার না জানা এবং বাড়ির আশপাশে থাকা অরক্ষিত পুকুর, খাল-বিল ও জলাশয়ের কারণে এসব দুর্ঘটনা ঘটছে। শিশুদের অকাল মৃত্যু ঠেকাতে পারিবারিক সচেতনতার পাশাপাশি সাঁতার শেখানোর ওপর গুরুত্ব দিচ্ছেন শিক্ষক ও অভিভাবকেরা।
উপকূলীয় জেলা নোয়াখালীতে বর্ষা মৌসুমে খাল-বিল, নদী-নালা ও পুকুরে পানি বেড়ে যায়। এ সময় অভিভাবকদের অগোচরে বাড়ির পাশের জলাশয়ে গিয়ে পানিতে পড়ে প্রাণ হারাচ্ছে অনেক শিশু।
স্থানীয় কিশোর রুবেল জানায়, সাঁতার শেখার ইচ্ছা থাকলেও কোথায় বা কার কাছে সাঁতার শিখবে, সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই।
অভিভাবক নাজমুন নাহার বলেন, শিশুরা কৌতূহলবশত পানির কাছে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। সন্তানকে সাঁতার শেখাতে আগ্রহী হলেও এলাকায় ভালো কোনো প্রশিক্ষণের সুযোগ নেই।
মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল রাণী রায় বলেন, শিশুদের ছোটবেলা থেকেই সাঁতার শেখানো প্রয়োজন। সাঁতার জানা থাকলে তারা পানিতে দুর্ঘটনার সময় নিজেদের জীবন রক্ষার পাশাপাশি শারীরিকভাবেও উপকৃত হতে পারে।
নোয়াখালীর সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন শিশুদের পানিতে ডুবে মৃত্যু ঠেকাতে স্থানীয় পর্যায়ে শিশু যত্নকেন্দ্র স্থাপন এবং বাড়ির পাশের পুকুরগুলোতে নিরাপত্তা বেষ্টনী তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন।
তিনি বলেন, শিশুদের নিরাপত্তায় বিশেষজ্ঞদের মতামত নিয়ে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করা হবে। এ বিষয়ে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।
পরিসংখ্যান অনুযায়ী, ছয় মাসে পানিতে ডুবে সবচেয়ে বেশি শিশুর মৃত্যু হয়েছে হাতিয়া উপজেলায় ৩৬ জন। এরপর কোম্পানীগঞ্জে মারা গেছে ১৪ শিশু। এ ছাড়া জেলার বিভিন্ন এলাকায় পানিতে ডুবে যাওয়া ২১৫ শিশুকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।































