বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন
- সর্বশেষ আপডেট ১০:০৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- / 136
চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে ২-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। কুমিল্লায় দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচে দরিয়েলতন ও সোহেল রানার গোলে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হলো কিংসরা।
কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুরু থেকেই ছিল উত্তেজনার আবহ। গ্যালারিজুড়ে হাজারো সমর্থকের প্রত্যাশা, মাঠে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই—সব মিলিয়ে ম্যাচটি হয়ে ওঠে মৌসুমের অন্যতম সেরা দ্বৈরথ।
প্রথমার্ধে দুই দলই কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা মেলেনি। তবে বিরতির পর আক্রমণের ধার বাড়ায় বসুন্ধরা কিংস। ম্যাচের ৭৫তম মিনিটে ফাহিমকে বক্সের ভেতর ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে ঠান্ডা মাথায় গোল করে কিংসকে এগিয়ে দেন দরিয়েলতন।
গোলের ধাক্কা সামলে ওঠার আগেই আরও বিপদে পড়ে আবাহনী। ৭৮তম মিনিটে বক্সের ভেতর থেকে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন সোহেল রানা। এরপর ম্যাচে ফেরার চেষ্টা করলেও ভাগ্য সহায় হয়নি আবাহনীর।
শেষদিকে এমেকা ওগবুগ দূরপাল্লার শটে গোলের সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু বল ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। যোগ করা সময়ে সুলেমান দিয়াবাতের প্রচেষ্টাও রুখে দেন গোলরক্ষক শ্রাবণ।
শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই শুরু হয় বসুন্ধরা কিংসের উদযাপন। ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে এক ম্যাচ হাতে রেখেই ষষ্ঠবারের মতো লিগ শিরোপা ঘরে তুলল তারা। হারানো মুকুট পুনরুদ্ধারের আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে পুরো কিংস শিবির।






































