বড় যুদ্ধের শঙ্কায় মধ্যপ্রাচ্য ছাড়ছেন ব্রিটিশ নাগরিকরা

- সর্বশেষ আপডেট ০৩:২৩:২২ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / 200
মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়লে উপসাগরীয় অঞ্চল থেকে হাজার হাজার ব্রিটিশ নাগরিককে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাজ্য।
ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস (এফসিও) ইতোমধ্যে জরুরি প্রস্তুতি শুরু করেছে।
সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় অঞ্চলজুড়ে অবস্থানরত ব্রিটিশদের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। তবে এফসিও জানিয়েছে, এখন পর্যন্ত ৭৬ হাজার ব্রিটিশ নাগরিক সংশ্লিষ্ট এলাকায় নিজেদের উপস্থিতি নিবন্ধন করেছেন।
ধারণা করা হচ্ছে, এদের মধ্যে ৫০ হাজারের বেশি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। অনেকে সেখানে বাসিন্দা নন; ছুটি কাটাতে বা ব্যবসায়িক সফরে গিয়েছিলেন। দুবাইয়ের আকাশসীমা বন্ধ থাকায় অনেক পর্যটকই দেশে ফেরার স্পষ্ট পথ পাচ্ছেন না।
ফরেন অফিস ইরান, ইসরায়েল ও ফিলিস্তিনে সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনে শুধুমাত্র জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার নির্দেশনা জারি রয়েছে।
পাকিস্তানের কিছু অংশেও ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে।
সৌদি আরবে অবস্থানরত ব্রিটিশদের ঘরে থাকার পরামর্শ দিয়েছেন সেখানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত।
অন্যদিকে জর্ডান, ওমান, সিরিয়া, লেবানন, ইয়েমেন ও ইরাকে থাকা নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার সোমবার চলমান সংকট নিয়ে প্রথম আনুষ্ঠানিক বক্তব্য দিতে পারেন বলে জানা গেছে।
এদিকে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রোববার বাহরাইন ও সাইপ্রাসের নেতাদের সঙ্গে কথা বলে ইরানের ‘বাছবিচারহীন’ হামলার মুখে থাকা দেশগুলোর প্রতি সংহতি প্রকাশ করেছেন।
এদিকে অনলাইন সংবাদমাধ্যম সেমাফর জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে আটকে পড়া ধনী ব্যবসায়ী ও শীর্ষ নির্বাহীদের জন্য রিয়াদ এখন গুরুত্বপূর্ণ বেরিয়ে যাওয়ার পথ হয়ে উঠেছে।
আবুধাবি, দুবাই বা দোহার মতো শহর থেকে অনেকেই দীর্ঘ সড়কপথ পাড়ি দিয়ে সৌদি রাজধানীতে পৌঁছাচ্ছেন, কারণ অঞ্চলটিতে সচল থাকা অল্প কয়েকটি বিমানবন্দরের একটি হলো রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর।
খবরে বলা হয়, ব্যক্তিগত নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো বিলাসবহুল গাড়িবহর ভাড়া করে উচ্চ সম্পদশালী ব্যক্তিদের প্রায় ১০ ঘণ্টার পথ পাড়ি দিয়ে দুবাই থেকে রিয়াদে নিয়ে যাচ্ছে। সেখান থেকে চার্টার বিমানে তারা ইউরোপসহ বিভিন্ন গন্তব্যে রওনা দিচ্ছেন।
রিয়াদ থেকে ইউরোপে একটি ব্যক্তিগত বিমানের ভাড়া এখন সর্বোচ্চ সাড়ে তিন লাখ ডলার পর্যন্ত উঠেছে বলেও জানানো হয়েছে।




































