বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে গার্ড অব অনার
- সর্বশেষ আপডেট ১১:৩০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / 17
দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বঙ্গভবনে গার্ড অব অনার দিয়েছে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল।
রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে তিনি মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হন।
এর আগে গত ২০ আগস্ট জাতীয় সংসদে সরাসরি ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তাকে বিজয়ী ঘোষণা করেন।
দুই দিন পর, ২১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর শনিবার (২২ আগস্ট) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।































