শিল্পকলায় শেষ হলো ‘বেণুকা’
রাগ-সুরের নিবিড়তায় নজরুলগীতির অনন্য পরিবেশনা
- সর্বশেষ আপডেট ১২:০০:১৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / 15
কাজী নজরুল ইসলামের রাগাশ্রয়ী গান, শাস্ত্রীয় সংগীতের রাগ-রাগিণী, তাল ও সুরের সৌন্দর্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হলো বিশেষ সংগীত ও নৃত্যানুষ্ঠান ‘বেণুকা; রাগে, সুরে, শ্রুতির নিবিড়তায় কাজী নজরুল ইসলাম’।
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। ধন্যবাদ জ্ঞাপন করেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে নিতাই রায় চৌধুরী বলেন, সংস্কৃতিকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে দেশের বৈচিত্র্যকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশ, জাতি ও জনগণের পরিচয় বিশ্বদরবারে তুলে ধরতে তারা কাজ করছেন।
মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ বলেন, নজরুলের মতো সুরস্রষ্টা ও সংগীতকার বিরল। নিজের লেখা গানে সুরারোপের মাধ্যমে তিনি বাংলাদেশের আন্দোলন-সংগ্রাম ও সাংস্কৃতিক জীবনে গভীর প্রভাব রেখে গেছেন। জাতীয় জীবনের বিভিন্ন দুঃসময় ও সংগ্রামে নজরুলের সৃষ্টিকর্ম মানুষকে অনুপ্রাণিত করেছে বলেও তিনি উল্লেখ করেন।
নজরুলের সৃষ্টিকর্ম নিয়ে আরও নতুন আয়োজনের পরিকল্পনার কথাও জানান মহাপরিচালক। তিনি বলেন, ১০০ জন বংশীবাদককে নিয়ে নজরুলের গান ও সুর পরিবেশনের একটি বিশেষ আয়োজন করার পরিকল্পনা রয়েছে। এ ধরনের আরও কিছু নতুন উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে নজরুলের রাগভিত্তিক বিভিন্ন গান পরিবেশন করেন প্রিয়াংকা গোপ, নাদিয়া আরেফীন শাওন, মুন্নী কাদের, অলোক কুমার সেন, শহীদ কবির পলাশ, ইয়াকুব আলী খান, ড. নাসিদ কামাল, ফাতেমা তুজ জোহরা, মোনালীন আজাদ, ইয়াসমিন মুশতারী, নাহিদ মোমেন, বিজন মিস্ত্রী ও মৃদুলা সমদ্দার।
এ ছাড়া অনুষ্ঠানে ছিল একক ও সমবেত নৃত্য। কাথ্যাকিয়া দা সেন্টার অব আর্টসের শিল্পীরা ‘পায়েলা বোলে রিনিঝিনি’ পরিবেশন করেন। নৃত্য পরিচালনা করেন এস এম হাসান ইশতিয়াক ইমরান। বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস পরিবেশন করে ‘বন-কুন্তল এলায়ে’; নৃত্য পরিচালনায় ছিলেন ফারহানা চৌধুরী বেবী। নৃত্যশিল্পী মুনমুন আহমেদ পরিবেশন করেন একক নৃত্য ‘আমার বিজন ঘরে’।
অনুষ্ঠানের শেষ পর্বে জাহিদুল ইসলাম সানির পরিচালনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা পরিবেশন করেন সমবেত নৃত্য ‘রুম ঝুম রুম ঝুমঝুম ঘন দেয়া বরষে’। নজরুলের রাগ, সুর ও নৃত্যের নান্দনিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় ‘বেণুকা’।






























