দিনেও জ্বলছে গোপালগঞ্জের ওয়াচ টাওয়ারের বাতি
- সর্বশেষ আপডেট ০১:২৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / 5
সারা দেশে চলছে বিদ্যুৎ সংকট ও লোডশেডিং। বিদ্যুৎ সাশ্রয়ে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। এমন পরিস্থিতির মধ্যেও গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় ৭১ ফুট উচ্চতার ওয়াচ টাওয়ারের বাতিগুলো দিনের আলোতেও জ্বলতে দেখা গেছে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের পাশাপাশি বিদ্যুতের অপচয় ও কর্তৃপক্ষের নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে।
সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে লঞ্চঘাট এলাকায় গিয়ে দেখা যায়, চারপাশে সূর্যের আলো থাকলেও ওয়াচ টাওয়ারের চারপাশের সবকটি বাতি জ্বলছে। রাতের আলোকসজ্জার জন্য স্থাপন করা এসব বাতি দিনের বেলায়ও জ্বলে থাকায় বিদ্যুতের অপচয় হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
গোপালগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা এ এইচ এম রকিবুল ইসলাম জানান, ওয়াচ টাওয়ারের বাতিগুলো সফটওয়্যারের মাধ্যমে টাইমার দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে বাতি বন্ধ হয়ে যাওয়ার কথা। তবে কেন বাতি বন্ধ হয়নি বা সফটওয়্যারে কোনো ত্রুটি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।
২০২৫ সালের ২৬ মার্চ গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় ৭১ ফুট উচ্চতার ওয়াচ টাওয়ারটি উদ্বোধন করা হয়। এটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১০ লাখ টাকা। টাওয়ারটির চারপাশে রয়েছে ১০টি উচ্চক্ষমতাসম্পন্ন বাতি। রাতের বেলায় আশপাশের এলাকা আলোকিত করা এবং শহরের সৌন্দর্য বাড়ানোর উদ্দেশ্যে এসব বাতি স্থাপন করা হয়। ভবিষ্যতে টাওয়ারটি নজরদারির কাজেও ব্যবহারের পরিকল্পনা ছিল।
স্থানীয় বাসিন্দারা বলছেন, রাতে বাতিগুলো জ্বলার কারণে উপকার হলেও দিনের বেলায় সেগুলো জ্বালিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। বিদ্যুৎ সংকটের সময়ে এভাবে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার গ্রহণযোগ্য নয়।
লঞ্চঘাট এলাকার বাসিন্দা নূর ইসলাম বলেন, সকালে বাতি বন্ধ হওয়ার কথা থাকলে সেটি ঠিকমতো হচ্ছে কি না, কর্তৃপক্ষের নিয়মিত নজর রাখা উচিত।
স্থানীয় ব্যবসায়ী সাগর আহমেদ বলেন, সারা দেশের মানুষ বিদ্যুৎ সংকটে ভুগছে। এমন সময়ে দিনের আলোয় একসঙ্গে এতগুলো বাতি জ্বলে থাকা দুঃখজনক। সফটওয়্যার দিয়ে বাতি নিয়ন্ত্রণ করা হলে সেটি নিয়মিত পরীক্ষা করা প্রয়োজন।
আরেক বাসিন্দা আলমগীর হোসেন বলেন, প্রযুক্তিগত ত্রুটি হতেই পারে। তবে দিনের আলোয় বাতি জ্বলছে; এটি দায়িত্বপ্রাপ্তদের নজরে আসা উচিত ছিল।
স্থানীয়দের মতে, বিষয়টি শুধু বিদ্যুতের অপচয় নয়, এর সঙ্গে ব্যবস্থাপনা ও দায়িত্বশীলতার প্রশ্নও জড়িত। স্বয়ংক্রিয় ব্যবস্থা থাকলেও সেটি ঠিকভাবে কাজ করছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণ করা জরুরি। ত্রুটি দেখা দিলে দ্রুত মেরামতের ব্যবস্থাও করতে হবে।
দেশজুড়ে বিদ্যুৎ সংকট ও লোডশেডিংয়ের মধ্যে দিনের বেলায় অপ্রয়োজনীয় বাতি জ্বালিয়ে রাখাকে তাই ভালোভাবে দেখছেন না স্থানীয়রা। তারা দ্রুত ত্রুটি শনাক্ত করে বাতি নিয়ন্ত্রণ ব্যবস্থা সচল করার পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে নিয়মিত নজরদারি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।






























