জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
- সর্বশেষ আপডেট ১১:১৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / 9
সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২২ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান রাষ্ট্রপতি। পরে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি।
শ্রদ্ধা নিবেদনকালে রাষ্ট্রপতিকে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাষ্ট্রপতির সফরকে ঘিরে জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা।
এর আগে গত বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান।





























