কলেজছাত্রীকে ব্যাড টাচের অভিযোগে যুবক গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ০১:০৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / 7
নওগাঁ সরকারি কলেজের এক ছাত্রীকে আপত্তিকরভাবে স্পর্শ (ব্যাড টাচ) করার অভিযোগে কাজী আব্দুল্লাহ ওরফে ফুয়াদ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এর আগে রোববার (২৩ আগস্ট) দিনভর নওগাঁ ও পাশের বগুড়ার আদমদীঘি উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ফুয়াদ আদমদীঘি উপজেলার সান্তাহার জনকলোনি এলাকার নজরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ আগস্ট নওগাঁ সরকারি কলেজের মাস্টার্সের এক ছাত্রী টিউশনে যাওয়ার জন্য মেস থেকে বের হন। এটিম মাঠের গলি দিয়ে ইমরুল কায়েসের বাসার সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি মোটরসাইকেলের অজ্ঞাত আরোহী তাকে আপত্তিকরভাবে স্পর্শ করে দ্রুত পালিয়ে যান।
ঘটনার কয়েক দিন পর ভুক্তভোগী ছাত্রী পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে অভিযোগ করেন। পুলিশ সুপার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য জেলা গোয়েন্দা পুলিশকে নির্দেশ দেন।
এরপর ডিবির একটি দল টানা পাঁচ দিন তথ্যপ্রযুক্তি ও এআই ক্যামেরার তথ্য বিশ্লেষণ করে অভিযুক্ত যুবক এবং ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করে। পরে নওগাঁ ও বগুড়ার আদমদীঘি এলাকায় অভিযান চালিয়ে সান্তাহার থেকে ফুয়াদকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, সড়কসহ যেকোনো স্থানে নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতা বা যৌন হয়রানির ঘটনা কঠোরভাবে দমন করা হবে। এ ধরনের অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।





























