সিকিউরিটি গার্ডের গলায় ছুরি ধরে হুমকি, যুবক গ্রেপ্তার

- সর্বশেষ আপডেট ০৬:১৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- / 135
রাজশাহীতে এক সিকিউরিটি গার্ডকে মারধর করে গলায় ছুরি ধরে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আরিফুল ইসলাম আরিফ (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নগরীতে রোগী ধরার দালাল হিসেবে পরিচিত বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী সাব্বির হোসেন (২৬) নগরীর লক্ষ্মীপুর এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পুরোনো ভবনে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত। বুধবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী হ্যান্ডমাইকে রোগী ধরার দালাল, চোর, পকেটমার ও প্রতারকদের বিষয়ে সেবাপ্রত্যাশীদের সতর্ক করছিলেন তিনি।
এ সময় আরিফুল ইসলাম আরিফসহ কয়েকজন সেখানে এসে সাব্বিরকে মাইকে বক্তব্য দেওয়া বন্ধ করতে বলেন। সাব্বির প্রতিষ্ঠানের নিয়ম মেনেই দায়িত্ব পালন করছেন জানালে অভিযুক্তরা তাকে মারধর ও গালিগালাজ করেন বলে অভিযোগ।
পরে অন্যদের উসকানিতে আরিফ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পুরোনো ভবনের পেছনে গিয়ে একটি ধারালো দেশীয় অস্ত্র নিয়ে আসেন। এরপর ওই অস্ত্র সাব্বিরের গলায় ধরে তাকে ভয়ভীতি দেখানো এবং হত্যার হুমকি দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নজরে আসে। তিনি ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন। পরে রাজপাড়া থানা-পুলিশ অভিযান চালিয়ে আরিফুল ইসলাম আরিফকে গ্রেপ্তার করে।
আরএমপির উপপুলিশ কমিশনার ও মুখপাত্র গাজিউর রহমান জানান, এ ঘটনায় রাজপাড়া থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার আরিফের কাছ থেকে দেশীয় অস্ত্রটি উদ্ধারের পাশাপাশি ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।































