ফি ছাড়াই প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার সিদ্ধান্ত
- সর্বশেষ আপডেট ১১:১৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / 8
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার জন্য আলাদা ফি নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এতে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা আর পরীক্ষার খরচ বহন করতে হবে না বলে জানা গেছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি আদায়ের আগের সিদ্ধান্তটি মূলত অর্থ বরাদ্দ–সংকটকে কেন্দ্র করেই নেওয়া হয়েছিল। তবে নতুন করে নীতিগত অবস্থান বদলের ফলে সেই সিদ্ধান্ত কার্যত প্রত্যাহারের পথে রয়েছে।
প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফি না নেওয়াই সরকারের অবস্থান। তিনি ইঙ্গিত দেন, বিষয়টি দ্রুত শিক্ষামন্ত্রীকে জানানো হবে এবং প্রয়োজনীয় নির্দেশনা আসবে।
তিনি আরও বলেন, শিক্ষার ব্যয় কমিয়ে আনা এখন সরকারের অগ্রাধিকারগুলোর একটি। ইতিমধ্যে বিনা মূল্যে ইউনিফর্ম দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, পাশাপাশি কিছু বিদ্যালয়ে মিড-ডে মিল কর্মসূচিও চালু আছে। এসব কার্যক্রম ধাপে ধাপে আরও বিস্তৃত করার পরিকল্পনাও রয়েছে।
এর আগে আর্থিক সংকটের কারণে তৃতীয় শ্রেণির জন্য ৩০ টাকা, চতুর্থ শ্রেণির জন্য ৪০ টাকা এবং পঞ্চম শ্রেণির জন্য ৫০ টাকা করে পরীক্ষার ফি নির্ধারণের সিদ্ধান্ত হয়েছিল। তবে সে সিদ্ধান্ত ঘোষণার পরই নীতিগত প্রশ্ন ওঠে।
শিক্ষা খাত–সংশ্লিষ্টরা মনে করেন, প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক ও অবৈতনিক হওয়ায় পরীক্ষার জন্য আলাদা ফি আরোপ করা নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যদিও টাকার পরিমাণ কম, এর প্রভাব নীতিগতভাবে গুরুত্বপূর্ণ বলে তারা মন্তব্য করেন।
দেশে বর্তমানে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় এক কোটি শিশু পড়াশোনা করছে। সাধারণত বছরে তিনটি পরীক্ষা অনুষ্ঠিত হয়—ত্রৈমাসিক, অর্ধবার্ষিক ও বার্ষিক।





































