ওসিন্টের দাবি
পাক অভিযানে তালেবান নেতা আখুন্দজাদা নিহত

- সর্বশেষ আপডেট ০৫:১৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 121
পাকিস্তানের সামরিক অভিযান ‘অপারেশন গজব-লিল হক’-এ আফগানিস্তানের তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত হয়েছেন—এমন দাবি করেছে আন্তর্জাতিক গোয়েন্দা বিশ্লেষণভিত্তিক সংস্থা ওপেন সোর্স ইন্টেলিজেন্স ইউরোপ। যদিও এ বিষয়ে তালেবান কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।
পাকিস্তান সেনাবাহিনী জানায়, আফগানিস্তানের হামলার জবাবে তারা ‘অপারেশন গজব-লিল হক’ শুরু করেছে। ইসলামাবাদের দাবি, অভিযানে অন্তত ১৩৩ জন তালেবান যোদ্ধা নিহত এবং দুই শতাধিক আহত হয়েছেন। এই সংখ্যার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৬টা ৩ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সংস্থাটি জানায়, কাবুলে লক্ষ্যভিত্তিক বিমান হামলায় আখুন্দজাদাসহ কয়েকজন জ্যেষ্ঠ তালেবান কমান্ডার নিহত হন।
তাদের বক্তব্য অনুযায়ী, হামলার লক্ষ্য ছিল তালেবান নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা।
অন্যদিকে তালেবান প্রশাসন পাকিস্তানের হামলায় নিজেদের কোনো শীর্ষ নেতার মৃত্যুর কথা স্বীকার করেনি। বরং তারা পাল্টা দাবি করেছে, আফগান হামলায় পাকিস্তানের অন্তত ৫৫ জন সেনা নিহত হয়েছেন।
ইসলামাবাদ এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
২০২১ সালে দ্বিতীয়বারের মতো আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান।
এরপর থেকেই হিবাতুল্লাহ আখুন্দজাদা সর্বোচ্চ নেতা হিসেবে সংগঠন ও সরকারের নীতিনির্ধারণে কেন্দ্রীয় ভূমিকা পালন করে আসছেন। তার সম্ভাব্য মৃত্যু নিয়ে ওঠা এই দাবি অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে।

































