পশ্চিমবঙ্গে বিজেপি কত আসনে জিতল?
- সর্বশেষ আপডেট ১০:২২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / 19
দীর্ঘ ১৫ বছর পর পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় পরিবর্তন দেখা গেল। সোমবার (৪ মে) বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর স্পষ্ট হয়েছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। ২৯৩টি আসনের মধ্যে দলটি জয় পেয়েছে ২০৬টিতে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস থেমে গেছে মাত্র ৮০ আসনে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আগের নির্বাচনের তুলনায় তৃণমূলের ভোট কমে দাঁড়িয়েছে ৪০.৮০ শতাংশে। বিপরীতে বিজেপির ভোট বেড়ে হয়েছে ৪৫.৮৪ শতাংশ। বিশ্লেষকদের মতে, তৃণমূলের হারানো ভোটের বড় অংশই বিজেপির ঝুলিতে যাওয়ায় এই বড় জয় এসেছে।
গুরুত্বপূর্ণ কেন্দ্র নন্দীগ্রাম ও ভবানীপুর—দুটিতেই জয় ধরে রেখেছেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নন্দীগ্রামে প্রায় ১৫ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।
এবারের নির্বাচনে তৃণমূলের ভরাডুবির অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে দলের শীর্ষ নেতাদের পরাজয়। সুজিত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, ব্রাত্য বসু ও অতীন ঘোষসহ বেশ কয়েকজন প্রভাবশালী নেতা নিজ নিজ আসনে হেরে গেছেন।
নির্বাচনের শুরু থেকেই বিজেপির ‘২০০ পার’ স্লোগান এবার বাস্তবে রূপ নিয়েছে। এছাড়া, আইএসএফের নৌশাদ সিদ্দিকির জয় এবং কংগ্রেস ও বাম দলের কয়েকটি আসনে জয়ও আলোচনায় এসেছে।
ফল ঘোষণার পর রাজ্যজুড়ে উৎসবের আমেজে রয়েছেন বিজেপি সমর্থকরা। সব মিলিয়ে, এই নির্বাচনের মাধ্যমে পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুরু হলো নতুন এক অধ্যায়।
































