পদ্মায় ২৪ কেজির বাঘাইড়, বিক্রি ৩৮ হাজারে
- সর্বশেষ আপডেট ০৩:৩১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / 54
মানিকগঞ্জের শিবালয় উপজেলার মালুচি এলাকায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৪ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। পরে মাছটি হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে ৩৮ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়েছে।
মাছ ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে মালুচি এলাকার পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে। শুক্রবার সকাল ৯টার দিকে মাছ ব্যবসায়ী তাপস হালদার সেটি ঝিটকা বাজারে নিয়ে যান। পরে চারজন ব্যবসায়ী মিলে মাছটি কিনে নেন।
তাপস হালদার বলেন, মালুচির পাশের পদ্মা নদী থেকে মাছটি কিনে ঝিটকা বাজারে নিয়ে আসেন তিনি। পরে বাজারের ব্যবসায়ী মোন্নাফসহ কয়েকজনের কাছে ভাগে মাছটি বিক্রি করেন।
মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম বলেন, বাঘাইড় মাছ ধরা পড়ার বিষয়ে তিনি কোনো তথ্য পাননি। তাঁর ভাষ্য, বন অধিদপ্তর বাঘাইড়কে বিপন্ন প্রজাতি হিসেবে ঘোষণা করেছে এবং এ মাছ ধরা নিষিদ্ধ।
হরিরামপুর ও শিবালয় উপজেলার দায়িত্বপ্রাপ্ত বন কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, বাঘাইড় মাছ বন অধিদপ্তরের বন্যপ্রাণী ইউনিটের অধীনে। এ মাছ ধরা থেকে জেলেদের বিরত রাখতে তাঁদের নিষেধ করা হয়। পাশাপাশি বন্যপ্রাণী ইউনিটের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।





























