নির্বাচনে স্বাধীনতাবিরোধীদের রুখে দেয়ার আহ্বান উদীচী’র
- সর্বশেষ আপডেট ০৫:১০:১৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / 124
আসন্ন নির্বাচনে সাম্প্রদায়িকতা, দুর্নীতি, লুটপাটতন্ত্র, কালো টাকা ও পেশিশক্তির দৌরাত্ম্য রুখে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে উদীচী শিল্পীগোষ্ঠী। সোমবার এক বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের পক্ষে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে ভোট দেওয়া আজ সময়ের দাবি।
বিবৃতিতে উদীচীর নেতারা জানান, নির্বাচনকে ঘিরে দেশজুড়ে নানামুখী ষড়যন্ত্র ও সহিংসতা পরিলক্ষিত হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের ওপর গুলি করে হত্যার ঘটনা ঘটছে। একই সঙ্গে বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের মধ্যে সহিংস সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এ ছাড়া জামায়াতের এক কর্মীকে ভোটের অবৈধ সিলসহ আটক করার ঘটনাও উদ্বেগজনক বলে উল্লেখ করে উদীচী।
তারা বলেন, নির্বাচন ঘিরে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর আশঙ্কা রয়েছে। পাশাপাশি জামায়াতের আমীর কর্তৃক কর্মজীবী নারীদের সম্পর্কে দেওয়া অনভিপ্রেত বক্তব্যও উদীচীর নজরে এসেছে। এসব অনিয়ম ও সহিংসতা প্রতিরোধে সরকার, নির্বাচন কমিশন কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ দৃশ্যমান নয় বলেও অভিযোগ করেন তারা।
এমন পরিস্থিতিতে অবিলম্বে অবাধ, সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন, সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছে উদীচী।
উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, অতীতের যেকোনো নির্বাচনের মতো এবারও মহান মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ও আকাঙ্ক্ষার পক্ষে অবস্থান নিচ্ছে উদীচী। তারা জাতীয় চার মূলনীতি- গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদের পক্ষে; সাম্প্রদায়িকতা, দুর্নীতি ও লুটপাটতন্ত্রের বিরুদ্ধে এবং শ্রমজীবী মানুষের অধিকারের পক্ষে থাকা প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানান। একই সঙ্গে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত ১৯৭২ সালের সংবিধান রক্ষার আহ্বানও জানান তারা।
বিবৃতিতে আরও বলা হয়, গণভোটের নামে জনগণকে অস্পষ্ট ও অস্বচ্ছ অবস্থানে রেখে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের আয়োজন করেছে অন্তর্বর্তী সরকার। উদীচীর মতে, এটি মুক্তিযুদ্ধের চেতনাকে খণ্ডিত করার আরেকটি চক্রান্ত। এসব ষড়যন্ত্র প্রতিহত করে স্বাধীনতাবিরোধী ও সাম্প্রদায়িক ফ্যাসিবাদী শক্তিকে রুখে দিতে এবং মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় দেশ গঠনে অঙ্গীকারবদ্ধ প্রার্থীকে ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান উদীচীর নেতৃবৃন্দ।




































