নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সাত দিন মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত

- সর্বশেষ আপডেট ০৮:৩৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 120
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দেশজুড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি), যাতে ভোটের পরিবেশ সুষ্ঠু ও নিয়ন্ত্রিত রাখা যায় বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভারস ইজাবসের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ইসি সচিব জানান, আদালতের নির্দেশে শেষ মুহূর্তে কয়েকজন প্রার্থীর মনোনয়ন ফিরে পাওয়ায় কিছু এলাকায় ব্যালট পেপার পুনর্মুদ্রণ করতে হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, নির্বাচনের অন্যতম বড় চ্যালেঞ্জ হচ্ছে অপতথ্য ও বিভ্রান্তিকর প্রচার। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটার সঙ্গে আলোচনা হয়েছে এবং তারা সহযোগিতা করবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, নির্বাচনকালীন সময়ে ইন্টারনেটের গতি কমানো হোক, এমনটা কমিশন চায় না। তবে অনলাইনে ছড়ানো আক্রমণাত্মক ও বিভ্রান্তিকর কনটেন্ট দ্রুত সরিয়ে নেওয়ার জন্য মেটাকে অনুরোধ জানানো হয়েছে।
এদিকে বৈঠক শেষে ইইউ পর্যবেক্ষক দলের প্রধান ইভারস ইজাবস বলেন, তারা নির্বাচনের চ্যালেঞ্জ ও পরিবেশ নিয়ে আলোচনা করেছেন, উপদেশ দিতে নয়, পর্যবেক্ষণের উদ্দেশ্যেই বাংলাদেশে এসেছেন। “আমরা চাই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক,” বলেন তিনি।
তিনি জানান, নির্বাচনী মাঠে সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে পর্যবেক্ষক মোতায়েন করা হয়েছে এবং সামনে আরও পর্যবেক্ষক আসবেন।
ইভারস ইজাবস বলেন, নির্বাচন কমিশনের কার্যক্রমে তারা সন্তুষ্ট এবং ৩০০ আসনের নির্বাচনী পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।





































