নরসিংদীতে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর অভিযান, উপস্থিত মাত্র আট চিকিৎসক

- সর্বশেষ আপডেট ০৭:৪৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
- / 143
নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল ।
শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে হাসপাতালের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। মূলত চিকিৎসকদের সময়মতো কর্মস্থলে উপস্থিত না থাকার অভিযোগের প্রেক্ষিতে তিনি এই আকস্মিক পরিদর্শনে যান।
পরিদর্শনের সময় দেখা যায়, হাসপাতালে কর্মরত ২১ জন চিকিৎসকের মধ্যে মাত্র ৮ জন উপস্থিত ছিলেন। এছাড়া ৮ জন চিকিৎসক অনুপস্থিত এবং ৫ জন ছুটিতে ছিলেন। উপস্থিত ৮ জন চিকিৎসকের মধ্যেও ২ জন নির্ধারিত সময়ের পরে হাসপাতালে পৌঁছান।
এ সময় মন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন। তিনি হাসপাতালের সেবার মান ও রোগীদের ভোগান্তির বিষয়েও খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের সময়মতো উপস্থিত না থাকার বিষয়ে অভিযোগ পাওয়া গিয়েছিল। সেই অভিযোগের সত্যতা যাচাই করতেই তিনি সকালে হাসপাতালে যান।
মন্ত্রী বলেন, “আজকের পরিদর্শনে দেখা গেছে, দায়িত্বপ্রাপ্ত ১৬ জন ডিউটি চিকিৎসকের মধ্যে মাত্র ৮ জন উপস্থিত ছিলেন। চিকিৎসকেরা মানবিক পেশায় নিয়োজিত। আমরা চাই দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে। কিন্তু চিকিৎসকেরাই যদি সময়মতো উপস্থিত না থাকেন, তাহলে সেই লক্ষ্য পূরণ করা কঠিন হয়ে পড়ে।”
তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং দায়িত্বে অবহেলার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হবে।
































