দুর্যোগকালে ভুয়া তথ্য মানবিক সহায়তায় বড় বাধা: আইএফআরসি

- সর্বশেষ আপডেট ০৮:৪৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / 123
দুর্যোগের সময় ছড়িয়ে পড়া ভুল, বিভ্রান্তিকর ও ক্ষতিকর তথ্য মানবিক সহায়তা কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে এবং মানুষের জীবনকে আরও ঝুঁকির মুখে ফেলছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি)।
রোববার (৮ মার্চ) জেনেভা ও ঢাকা থেকে প্রকাশিত আইএফআরসির ‘ওয়ার্ল্ড ডিজাস্টার রিপোর্ট ২০২৬’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশসহ বিশ্বজুড়ে বাড়তে থাকা দুর্যোগ পরিস্থিতিতে ভুল তথ্য মানবিক সহায়তা কার্যক্রমের প্রতি মানুষের আস্থা কমিয়ে দিচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে বিভিন্ন দুর্যোগে বাংলাদেশসহ বিশ্বজুড়ে প্রায় ৭০ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সময়ে ১০ কোটির বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং প্রায় ২ লাখ ৭০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। পাশাপাশি মানবিক সহায়তার প্রয়োজনীয় মানুষের সংখ্যা আগের তুলনায় দ্বিগুণেরও বেশি বেড়েছে।
প্রতিবেদনে বলা হয়, দুর্যোগকালে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব, বিভ্রান্তিকর তথ্য ও অমানবিক মন্তব্য মানুষের মধ্যে অবিশ্বাস তৈরি করছে। এর ফলে মানবিক কর্মী ও স্বেচ্ছাসেবকদের নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে এবং অনেক সময় ক্ষতিগ্রস্ত মানুষ প্রয়োজনীয় সহায়তা গ্রহণে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছে।
এ বিষয়ে আইএফআরসির মহাসচিব জাগান চাম্পাগান বলেন, প্রতিটি দুর্যোগ বা সংকট পরিস্থিতিতে খাদ্য, পানি ও আশ্রয়ের মতোই সঠিক তথ্য পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু যখন ভুল বা উদ্দেশ্যমূলকভাবে বিকৃত তথ্য ছড়িয়ে পড়ে, তখন তা মানুষের মধ্যে ভয় ও বিভ্রান্তি তৈরি করে এবং মানবিক সহায়তার পথ বাধাগ্রস্ত করে। অনেক ক্ষেত্রে এটি মানুষের জীবনকেও ঝুঁকির মুখে ফেলে।
প্রতিবেদনে বিশ্বের বিভিন্ন দেশের সাম্প্রতিক সংকট পরিস্থিতির উদাহরণ তুলে ধরা হয়েছে। স্পেনে বন্যার সময় সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো হয় যে রেড ক্রস ত্রাণ সহায়তা অভিবাসীদের দিকে সরিয়ে দিচ্ছে। এতে স্বেচ্ছাসেবকদের বিরুদ্ধে বিদ্বেষমূলক আক্রমণ বাড়ে।
বাংলাদেশের ক্ষেত্রেও রাজনৈতিক অস্থিরতার সময় কয়েকটি জেলায় প্রাথমিক চিকিৎসা ও সহায়তা দেওয়ার পরও স্বেচ্ছাসেবকদের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে নিষ্ক্রিয়তা ও রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ ওঠে। এতে স্বেচ্ছাসেবকদের হয়রানি ও সুনামহানির ঘটনা ঘটে।
দক্ষিণ সুদানে গুজব ছড়ানো হয় যে মানবিক সংস্থাগুলো বিষাক্ত খাবার বিতরণ করছে। ফলে অনেক মানুষ জরুরি ত্রাণ নিতে ভয় পায় এবং রেড ক্রস কর্মীরা হুমকির মুখে পড়েন। অন্যদিকে লেবাননে বিভিন্ন সংকটের সময় ভুয়া দাবি ছড়ানো হয় যে স্বেচ্ছাসেবকেরা কোভিড-১৯ ছড়িয়ে দিচ্ছেন কিংবা ত্রাণ বিতরণে পক্ষপাত করছেন। এমনকি কলেরা টিকা নিরাপদ নয় বলেও প্রচার করা হয়, যা মানুষের আস্থাকে ক্ষতিগ্রস্ত করে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিশ্বের প্রায় ৯৪ শতাংশ দুর্যোগ মূলত স্থানীয় সরকার ও স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগেই মোকাবিলা করা হয়, যেখানে আন্তর্জাতিক সহায়তা সীমিত থাকে। এ ক্ষেত্রে স্থানীয় স্বেচ্ছাসেবক, কমিউনিটি নেতৃত্ব ও গণমাধ্যম মানুষের কাছে সবচেয়ে নির্ভরযোগ্য তথ্যের উৎস হিসেবে কাজ করে। তবে বর্তমানে তারা বিভক্ত ও উত্তেজনাপূর্ণ তথ্য পরিবেশের মুখোমুখি হচ্ছেন।
আইএফআরসির মহাসচিব বলেন, মানুষের আস্থা না থাকলে তারা দুর্যোগের আগে প্রস্তুতি নেবে না, প্রয়োজনের সময় সাহায্য চাইবে না বা জীবনরক্ষাকারী নির্দেশনা অনুসরণ করবে না। কিন্তু আস্থা থাকলে মানুষ একসঙ্গে কাজ করে সংকট মোকাবিলা করতে পারে এবং দ্রুত ঘুরে দাঁড়াতে পারে।
এ পরিস্থিতি মোকাবিলায় প্রতিবেদনে সরকার, প্রযুক্তি প্রতিষ্ঠান, মানবিক সংস্থা এবং সাধারণ মানুষের জন্য কয়েকটি সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—সংকটকালে প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোকে বিশ্বস্ত মানবিক ও স্বাস্থ্যসংক্রান্ত তথ্যকে অগ্রাধিকার দেওয়া এবং ক্ষতিকর তথ্য দ্রুত নিয়ন্ত্রণ করা।
এ ছাড়া সরকার ও নীতিনির্ধারকদের প্রমাণভিত্তিক নীতি গ্রহণ, সংকটকালীন তথ্য পর্যবেক্ষণে স্থানীয় তথ্যব্যবস্থায় বিনিয়োগ এবং মানবিক সংস্থাগুলোকে ভুল তথ্য মোকাবিলাকে তাদের কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি কমিউনিটি ও স্থানীয় অংশীজনদের গুজব শনাক্ত করা, ডিজিটাল ও মিডিয়া সচেতনতা বাড়ানো এবং সঠিক তথ্য ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।





































