ডিসি বদলিতে মাজার ইস্যুর সংশ্লিষ্টতা নেই: তথ্য উপদেষ্টা
- সর্বশেষ আপডেট ০৪:৩৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- / 135
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমের বদলিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চললেও এর সঙ্গে কোনো মাজার-সংক্রান্ত ঘটনার সম্পর্ক নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, এ বিষয়ে সরকারের অবস্থান ইতোমধ্যে স্পষ্ট করা হয়েছে।
সচিবালয়ে মঙ্গলবার (২৩ জুন) তথ্য অধিদপ্তরের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, ডিসি সারওয়ার আলমের বদলির ঘটনায় স্থানীয় মাজারে নেওয়া কোনো পদক্ষেপ বা ঘটনার সম্পৃক্ততা নেই।
তিনি বলেন, বদলির আদেশ মাজার-সংক্রান্ত ঘটনার পরে জারি হওয়ায় কেউ কেউ দুই বিষয়কে একসঙ্গে যুক্ত করার চেষ্টা করছেন। তবে শুধু সময়গত মিল থাকলেই দুটি ঘটনার মধ্যে সম্পর্ক রয়েছে—এমন ধারণা গ্রহণযোগ্য নয়।
তথ্য উপদেষ্টা জানান, সরকারের বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তের সব ব্যাখ্যা সবসময় প্রকাশ করা হয় না। অনেক ক্ষেত্রে রাষ্ট্রীয় ও প্রশাসনিক বিবেচনাও থাকে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে এবং সরকারের অবস্থানও স্পষ্ট করেছে।
তিনি আরও বলেন, কোনো সরকারি সিদ্ধান্তের পর নানা ধরনের অনুমান ও ব্যাখ্যা সামনে আসা স্বাভাবিক। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠী নিজেদের মতো করে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করে। তবে সরকারের আনুষ্ঠানিক বক্তব্যই এ ক্ষেত্রে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে।
ডা. জাহেদ উর রহমান বলেন, ডিসি সারওয়ার আলমের বদলির সঙ্গে মাজার-সংক্রান্ত কোনো বিষয় জড়িত রয়েছে বলে তিনি মনে করেন না।
এদিকে মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে সরকারের ইতিবাচক অবস্থানের কথাও তুলে ধরেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, দানের অর্থের হিসাব ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে সরকারের কোনো দ্বিমত নেই।




































