ডাকসুতে জিন্নাহর ছবি, ফ্রেম ভেঙে ছিঁড়ে ফেললেন শিক্ষার্থী
- সর্বশেষ আপডেট ০৩:২৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / 50
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় রাখা মুহাম্মদ আলী জিন্নাহর একটি ছবি ভেঙে ছিঁড়ে ফেলেছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সংগ্রহশালায় গিয়ে তিনি ছবিটির ফ্রেম ভেঙে দেন এবং পরে ছবিটি ছিঁড়ে ফেলেন।
ওই শিক্ষার্থীর নাম আবু তৈয়ব হাবিলদার। তিনি ডাকসু নির্বাচনে আলোচিত ও বয়োজ্যেষ্ঠ সহসভাপতি (ভিপি) প্রার্থী ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ শিক্ষাবর্ষের উর্দু বিভাগের এই শিক্ষার্থী ছবিটি ভাঙার আগে জিন্নাহকে ডাকসুর সংগ্রহশালায় রাখার বিরোধিতা করে বক্তব্য দেন।
ছবিটি স্থাপনের পর থেকেই এটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছিল। আবু তৈয়ব বলেন, বাংলাদেশের স্বাধীনতার সূত্রপাতের সঙ্গে জিন্নাহর ভূমিকার বিষয়টি উল্লেখ করে তিনি কার্জন হলে দেওয়া জিন্নাহর বক্তব্যের প্রসঙ্গ টানেন।
তিনি বলেন, জিন্নাহ তখন পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু করার কথা বলেছিলেন এবং বাংলা রাষ্ট্রভাষা হবে না বলে ঘোষণা দিয়েছিলেন। এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
আবু তৈয়ব আরও বলেন, ভাষা আন্দোলনের সূচনালগ্নে প্রিন্সিপাল আবুল কাসেমের নেতৃত্বে ১১ মার্চ ১৯৪৮ হরতাল পালিত হয় এবং এতে অনেক শিক্ষার্থী গ্রেপ্তার হন। তার দাবি, ভাষা আন্দোলনের বিরোধিতাকারী হিসেবে পরিচিত জিন্নাহর ছবি ডাকসুর সংগ্রহশালায় স্থান পাওয়া উচিত নয়।






























