ঠাকুরগাঁওয়ে চায়ের দোকানে বজ্রাঘাত, প্রাণ গেল দুজনের

- সর্বশেষ আপডেট ০৪:১৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / 137
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বৃষ্টির সময় চায়ের দোকানে আশ্রয় নিয়েও রক্ষা পাননি দুই ব্যক্তি। দোকানের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুষারিগাঁও বলগাঁ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুষারিগাঁও বলগাঁ এলাকার শাস্তি রাণী এবং একই এলাকার মৃত বেহারু রায়ের ছেলে শুহি রাম রায়। আহত হয়েছেন একই এলাকার টেপরা ও শালন চন্দ্র।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হলে কয়েকজন স্থানীয় বাসিন্দা পাশের একটি চায়ের দোকানে আশ্রয় নেন। তারা সেখানে চা পান ও আড্ডা দিচ্ছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে দোকানটির ওপর বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান এবং আরও দুজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক বলেন, বৃষ্টির সময় চায়ের দোকানে অবস্থানকালে আকস্মিক বজ্রপাতে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে।



































