টি-টোয়েন্টি বিশ্বকাপে এক গ্রুপে ভারত-পাকিস্তান-বাংলাদেশ

- সর্বশেষ আপডেট ০৬:৫৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 248
ইংল্যান্ডের মাটিতে আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরু থেকেই উত্তাপ ছড়ানোর ইঙ্গিত মিলছে। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে পড়েছে বাংলাদেশ। ফলে গ্রুপপর্বেই জমে উঠতে পারে উপমহাদেশের হাইভোল্টেজ লড়াই।
মঙ্গলবার সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হবে বৈশ্বিক এই আসর। বাছাইপর্বে সাত ম্যাচের সাতটিতেই জয় পেয়ে অপরাজিত দল হিসেবে বিশ্বকাপের টিকিট কেটেছে বাংলাদেশের মেয়েরা। আত্মবিশ্বাসী টাইগ্রেসদের সামনে এবার বড় মঞ্চে নিজেদের প্রমাণের সুযোগ।
গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের সঙ্গে রয়েছে ভারত ও পাকিস্তান। একই গ্রুপে আছে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে আসা নেদারল্যান্ডস। শক্ত প্রতিপক্ষদের ভিড়ে বাংলাদেশের জন্য প্রতিটি ম্যাচই হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ।
অন্যদিকে গ্রুপ ‘বি’-তে খেলবে ওয়েস্ট ইন্ডিজ, স্বাগতিক ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। ১২ জুন এজবাস্টনে ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের। ১৪ জুন একই মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।
গ্রুপপর্ব চলবে ১২ থেকে ২৮ জুন পর্যন্ত। এরপর ৩০ জুন ও ২ জুলাই অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। আর ৫ জুলাই ঐতিহাসিক লর্ডসে হবে শিরোপা নির্ধারণী ফাইনাল।
বাংলাদেশের সূচিতে রয়েছে ১৪ জুন নেদারল্যান্ডস, ১৭ জুন অস্ট্রেলিয়া, ২০ জুন পাকিস্তান, ২৫ জুন ভারত এবং ২৮ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ। প্রতিটি লড়াইই হবে কঠিন পরীক্ষার।
গ্রুপপর্বেই ভারত-পাকিস্তান-বাংলাদেশ—এই ত্রিমুখী সমীকরণ কি বিশ্বকাপের আবহে বাড়তি নাটকীয়তা যোগ করবে? উত্তরের অপেক্ষায় এখন ক্রিকেটভক্তরা।





































