জ্বালানি তেল চেয়ে ভারতের কাছে চিঠি

- সর্বশেষ আপডেট ১০:১৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / 241
মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে জ্বালানি তেল আমদানিতে বিঘ্ন ঘটতে পারে—এই আশঙ্কায় ভারত থেকে অতিরিক্ত জ্বালানি তেল সরবরাহ চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ। এতে পাইপলাইনে ডিজেল সরবরাহ বাড়ানোর অনুরোধ করা হয়েছে।
সচিবালয়ে সাংবাদিকদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, বর্তমানে ভারত থেকে পাইপলাইনে জ্বালানি তেল আমদানি করা হয়।
জরুরি পরিস্থিতি বিবেচনায় সরবরাহ বাড়ানোর বিষয়ে ভারত সরকারকে অনুরোধ জানানো হয়েছে। তবে কতটুকু বাড়ানো সম্ভব, সে সিদ্ধান্ত ভারতের পক্ষ থেকেই আসবে।
এর আগে মন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে চলমান সহযোগিতা এবং ভবিষ্যৎ সমন্বয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ ইতোমধ্যে ভারত থেকে বিদ্যুৎ এবং পাইপলাইন ও সমুদ্রপথে জ্বালানি তেল আমদানি করে থাকে।
সাক্ষাৎ শেষে ভারতের হাইকমিশনার জানান, অতিরিক্ত জ্বালানি তেল সরবরাহের জন্য বাংলাদেশের অনুরোধপত্র গ্রহণ করা হয়েছে এবং তা ভারত সরকারের কাছে পাঠানো হবে। তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুই দেশের দীর্ঘদিনের সহযোগিতা রয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র জানায়, ২০১৭ সালের ২২ অক্টোবর ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেডের সঙ্গে পাইপলাইনে ডিজেল আমদানির চুক্তি করে বিপিসি। ২০২৩ সালের মার্চে পাইপলাইনটি চালু হয়।
চুক্তি অনুযায়ী চলতি বছরে ১ লাখ ২০ হাজার টন ডিজেল আসার কথা, পাশাপাশি অতিরিক্ত ৬০ হাজার টন আনার সুযোগ রয়েছে। প্রতি চালানে ৫ হাজার টন করে ডিজেল সরবরাহ করা হয় এবং এ বছর এখন পর্যন্ত দুই ধাপে ১০ হাজার টন এসেছে।
এ ছাড়া ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড (আইওসিএল) ২০২০ সাল থেকে সমুদ্রপথে বাংলাদেশে জ্বালানি তেল সরবরাহ করছে।
চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ১ লাখ ৫ হাজার টন জ্বালানি তেল আসার কথা—এর মধ্যে ২০ হাজার টন ডিজেল, ৫০ হাজার টন ফার্নেস অয়েল, ২৫ হাজার টন অকটেন এবং ১০ হাজার টন জেট ফুয়েল রয়েছে।
বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে গত ৮ মার্চ জ্বালানি বিভাগে তেল আমদানি বাড়ানোর প্রস্তাব পাঠায় বিপিসি।
প্রস্তাবে মার্চে ২০ হাজার এবং এপ্রিলে ২৫ হাজার টন ডিজেল পাইপলাইনে আনার কথা বলা হয়েছে।
পাশাপাশি সমুদ্রপথে ৩০ হাজার টন করে চারটি জাহাজে মোট ১ লাখ ২০ হাজার টন ডিজেল সরবরাহের অনুরোধ করার কথাও উল্লেখ করা হয়েছে।




































