বিক্রি হলো ৬৬৬ টাকা কেজিতে
জেলের জালে ৫৪ কেজির তবল মাছ
- সর্বশেষ আপডেট ০১:৫১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / 74
পটুয়াখালীর কুয়াকাটা উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়েছে প্রায় দেড় মণ ওজনের একটি তবল মাছ। ৫৪ কেজি ওজনের বিরল এই মাছটি মঙ্গলবার (৪ আগস্ট) সকালে মহিপুর মৎস্য বন্দরে আনা হলে সেটি দেখতে ভিড় করেন স্থানীয়রা।
জেলে সূত্রে জানা গেছে, এফবি সালমা করিম নামের একটি মাছ ধরার ট্রলারের জালে মাছটি ধরা পড়ে। পরে মহিপুর মৎস্য বন্দরে আঁখি ফিশ ও তহুরা ফিশের মাধ্যমে নিলামে মাছটি প্রায় ৩৬ হাজার টাকায় কিনে নেন ব্যবসায়ী রুবেল ঘরামী। এতে প্রতি কেজির দাম দাঁড়ায় প্রায় ৬৬৬ টাকা।
স্থানীয়ভাবে তবল মাছ ‘ট্রেভ্যালি’ নামেও পরিচিত। কুয়াকাটা অঞ্চলে এটি তবলি, বগা কিংবা খাঁদিয়া নামেও পরিচিত। সুস্বাদু, প্রোটিনসমৃদ্ধ এবং তুলনামূলক কম কাঁটাযুক্ত হওয়ায় বাজারে এ মাছের চাহিদা বেশ ভালো।
মৎস্যজীবীরা জানান, গভীর সমুদ্রে তবল মাছ পাওয়া গেলেও এত বড় আকারের মাছ খুব কমই ধরা পড়ে। তাই মাছটি বন্দরে আনার পর সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়।
ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ডাব্লিউসিএস ও ওয়ার্ল্ডফিশের ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, তবল মাছ ক্যারাঙ্গিডি পরিবারের একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রজাতি। এ ধরনের বড় আকারের মাছ ধরা পড়া বঙ্গোপসাগরের সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য ইতিবাচক ইঙ্গিত বহন করে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, তবল মাছ অর্থনৈতিকভাবে মূল্যবান একটি সামুদ্রিক মাছ। এ ধরনের বড় মাছ বেশি ধরা পড়লে জেলেরা যেমন আর্থিকভাবে লাভবান হবেন, তেমনি দেশের সামুদ্রিক মৎস্যসম্পদের সম্ভাবনাও আরও সমৃদ্ধ হবে।
































