চরফ্যাশনে নদীপথে সার পাচারের চেষ্টা, ৪ জন আটক

- সর্বশেষ আপডেট ০৩:২০:৪৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / 143
ভোলার চরফ্যাশনে নদীপথে অবৈধভাবে সার পাচারের চেষ্টার অভিযোগে ২৯৩ বস্তা ইউরিয়া সারসহ একটি বাল্কহেড ও চারজনকে আটক করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) রাত ২টার দিকে উপজেলার আসলামপুর ইউনিয়নের বেতুয়া মাঝের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ঘাট শ্রমিক ও এলাকাবাসী জানান, গভীর রাতে বেতুয়া নদীর ঘাটসংলগ্ন এলাকায় একটি সন্দেহজনক বাল্কহেড নোঙর করে রাখা অবস্থায় দেখতে পান তারা। এ সময় একটি নৌযান থেকে বস্তাভর্তি রাসায়নিক সার বাল্কহেডে তোলা হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা সেখানে গিয়ে চালক ও শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করেন।
তবে তারা সারের বৈধ কাগজপত্র বা চালান দেখাতে পারেননি। সরকারি ভর্তুকিতে দেওয়া ইউরিয়া সার কালোবাজারে বিক্রি বা অন্যত্র পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল; এমন সন্দেহে স্থানীয়রা বাল্কহেডটি ঘেরাও করে সারসহ চারজনকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ আল ফরিদ ভূইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে বেতুয়া ঘাটসংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এ সময় একটি ট্রাক থেকে ফিশিং বোটে ইউরিয়া সার তোলার সময় ২৯৩ বস্তা সার জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট নৌযান ও ট্রাকসহ চার শ্রমিককে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন লক্ষ্মীপুরের রামগতি থানার চর আফজাল এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে পারভেজ হোসেন (৩৭), হাতিয়া থানার জাহাজমারা এলাকার হসিউল আলমের ছেলে সিরাজ (৫৭), নোয়াখালীর চর জব্বার থানার চর কেলাক এলাকার অহিদ হাওলাদারের ছেলে সোহেল (২৮) এবং হাতিয়া থানার পশ্চিম রসুলপুর এলাকার নবীর উদ্দিনের ছেলে শাহারাজ (৪০)।
ওসি জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে আদালতে পাঠানো হবে।
স্থানীয় কৃষকদের অভিযোগ, চাষাবাদের মৌসুমে সরকারি নির্ধারিত দামে ডিলারদের কাছ থেকে প্রয়োজনীয় সার পাওয়া যায় না। অনেক সময় ডিলাররা সার সংকটের কথা জানান। অথচ রাতের আঁধারে একটি চক্র বিপুল পরিমাণ সরকারি ভর্তুকির সার অন্যত্র পাচার করছে।
কৃষকরা এ ঘটনার সঙ্গে জড়িত মূল হোতাদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার বিস্তারিত অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে। একই সঙ্গে আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করার প্রস্তুতি চলছে।































